২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স, ইতালির সীমান্ত অঞ্চলে ঝড়, বৃষ্টি, বন্যায় ২ জনের মৃত্যু

ফ্রান্স ও ইতালির সীমান্ত অঞ্চলে একটি ঝড় আঘাত হানার পর রেকর্ড বৃষ্টিপাতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, এসব দুর্যোগে দুই জনের মৃত্যু ও নয় জন নিখোঁজ হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 02:29 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

বন্যায় অনেক রাস্তা ভেঙে গেছে আর বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার ওই অঞ্চলের কর্তৃপক্ষগুলো জানিয়েছে।

অ্যালেক্স নামের ঝড়টির তাণ্ডবে ফ্রেঞ্চ রিভিয়েরা অঞ্চলের নিস শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিসের মেয়র খ্রিশ্চ এস্থুজি হেলিকপ্টারযোগে সবচেয়ে দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে এসে জানিয়েছেন, ওই এলাকাগুলোতে ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

ফরাসি নিউজ চ্যানেল বিএফএমকে তিনি বলেছেন, “রাস্তাগুলো ও প্রায় ১০০ বাড়ি হয় ভেসে গেছে নয়তো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

দুর্গত এলাকাগুলো পরিদর্শন করে যাওয়ার পর এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধানমন্ত্রী জঁ ক্যাসতেক্স বলেছেন, “আজ আমি যা দেখেছি তাতে অত্যন্ত মর্মাহত হয়েছি।”

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সে অন্তত আট জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে দুই জন দমকল কর্মীও রয়েছেন।

ফেঁপে ওঠা নদীর প্রবল স্রোতে ওই দমকল কর্মীদের গাড়িটি ভেসে যায় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ফ্রান্সের কয়েকটি গণমাধ্যম।

গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, উভয় দেশে বন্যার পানির তোড়ে রাস্তা ও সেতু ধসে পড়েছে এবং অনেকগুলো নদীর পানি তীর উপচে আশপাশের এলাকায় প্রবেশ করেছে।

ইতালিতে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দমকলের একজন কর্মী ঝড়ে উপড়ে পড়া গাছ চাপায় নিহত হয়েছেন, অপরদিকে ধসে পড়া সড়ক থেকে গাড়ি নদীতে পড়ে ত্রিশোর্ধ্ব আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে।

শনিবার রাত নেমে আসা পর্যন্ত ইতালিতে একজন নিখোঁজ ছিলেন। এর আগে ছয় জার্মান ট্রেকারসহ ১৬ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হলেও পরে তাদের সবাইকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।

পিদমন্ত অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ড সীমান্তের নিকটবর্তী সাম্বুগেত্তো শহরে ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৩০ মিলিমিটার (২৪ দশমিক ৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

পিদমন্ত অঞ্চলের প্রধান আলবার্তো চিরিয়ো অঞ্চলটিতে জরুরি অবস্থা জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

পো নদীর পানির উচ্চতা একদিনে ৩ মিটার (৯ দশমিক ৮৪ ফুট) বেড়ে গেছে।

মেতেও ফ্রান্স জানিয়েছে, সা-মাখতা-ভিজুবি এলাকায় ২৪ ঘণ্টায় ৫০০ মিলিমিটারেরও (১৯ দশমিক ৬৯ ইঞ্চি) বেশি এবং অন্যান্য কয়েকটি শহরে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই পরিমাণ বৃষ্টি বছরের এই সময়ের প্রায় তিন মাসেরও বেশি সময়ের বৃষ্টিপাতের সমান বলে জানিয়েছে তারা।

দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগের জেহেমি ক্রাঁঞ্চচাও ফ্রান্স ইনফোকে বলেছেন, ২০১৫ সালে ফ্রেঞ্চ রিভিয়েরা অঞ্চলের কান শহরে ও আশপাশে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছিল, এবার তার চেয়েও বেশি বৃষ্টিপাত হয়েছে।

শনিবার প্রথমবারের মতো ভেনিস শহরের বন্যা রক্ষা বাঁধ ব্যবস্থা সমুদ্রের ভরা জোয়ারের পানিকে সফলভাবে আটকে দিতে পেরেছে। এতে কয়েক বছর ধর নিয়মিত জোয়ারের পানিতে ডুবে যেতে থাকা শহরটির বাসিন্দারা অনেকদিন পর স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।