হাসপাতালে রাত কাটালেন করোনাভাইরাস আক্রান্ত ট্রাম্প
করোনাভাইরাস আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টার’হাসপাতালে প্রথম রাত পার করেছেন।
মেরিল্যান্ডের এই হাসপাতালেই তার করোনাভাইরাস সংক্রমণের চিকিৎসা চলছে।
তার চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্পকে অক্সিজেন দেওয়া লাগবে না কিন্তু বিশেষজ্ঞরা প্রেসিডেন্টের ফুসফুসের স্বাভাবিকতা বজায় রাখতে রেমডিসিভির ওষুধ দিয়ে তার চিকিৎসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি মেরিল্যান্ডের ‘ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টার’হাসপাতালে ভর্তি আছেন। ছবি: রয়টার্স
বিবিসি জানিয়েছে, হেলিকপ্টারে করে হাসপাতালে আনার আগে ট্রাম্প কোভিড-১৯ এর লক্ষণ দুর্বল করার আশায় পরীক্ষামূলকভাবে অ্যান্টিভাইরাল ওষুধ গ্রহণ করেছিলেন।
ওই ওষুধটি শরীরে ভাইরাসের বিস্তার হ্রাস করে দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে বলে জানিয়েছিলেন ডা. কনলি। এছাড়া সুস্থ রাখতে ট্রাম্পকে জিংক, ভিটামিন ডি, ফেমটিডিন, মেলাটনিন এবং অ্যাসপিরিন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
৭৪ বছর বয়সী ট্রাম্প ওজনাধিক্য বা স্থুলতায় ভূগছেন। বয়স ও অতিরিক্ত ওজনের কারণে তার রোগ লক্ষণ গুরুতর হয়ে উঠতে পারে। হাসপাতালে এক রাত পার হলেও ট্রাম্প এখনও যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানের দায়িত্বে বহাল আছেন।
আগামী কয়েকদিন তিনি হাসপাতাল থেকেই দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব কেইলি ম্যাকএন্যানি।
ট্রাম্পের ছেলে এরিক তার বাবার জন্য প্রার্থনা করতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
