কোভিড-১৯: হংকংয়ে গণহারে পরীক্ষার সিদ্ধান্ত বয়কটের আহ্বান
গণহারে করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা করেছে হংকং সরকার। একাজে সহায়তার জন্য চীন থেকে মেডিকেল স্টাফ আনা হচ্ছে। আর তাতেই আপত্তি জানিয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা।
হংকংয়ের একটি গণতন্ত্রপন্থি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কর্মী এবং জোশুয়া ওংসহ বেশ কয়েকজন আন্দোলনকর্মী রোববার হংকংয়ের বাসিন্দাদেরকে সরকারের সর্বজনীন ভাইরাস পরীক্ষা বয়কটের আহ্বান জানিয়েছেন।
হংকংয়ে করোনাভাইরাস সংক্রমণ কয়েক সপ্তাহ আগের তুলেনায় হ্রাস পেতে শুরু করেছে। দৈনিক নতুন শনাক্তও কমে এসেছে। রোববার সেখানে মাত্র ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়।
এ অবস্থায় সেখানে সর্বজনীন পরীক্ষার মাধ্যমে বাকি আক্রান্তদের খুঁজে বের করে আলাদা করার পরিকল্পনা নিয়েছে সরকার।
এ কাজে হংকংয়ের স্বাস্থ্যকর্মীদের সাহায্য করতে চীন থেকে স্বাস্থ্যকর্মীদের ৬০টি টিম পাঠানো হচ্ছে। আগামী মঙ্গলবার হংকংয়ে গণ পরীক্ষা শুরু হওয়ার কথা।
এক সময়ের ব্রিটিশ উপনিবেশ হংকং এখন চীনের অধীনে। যদিও হংকংয়ে স্বায়ত্ত্বশাসন রয়েছে। হংকংয়ের ক্ষেত্রে চীন ‘এক দেশ, দুই নীতি’ গ্রহণ করেছে। কিন্তু গত কয়েক বছর ধরে চীনের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে পূর্ণ স্বায়ত্ত্বশাসনের দাবিতে হংকংয়ে আন্দোলন চলছে।
ওদিকে, হংকংয়ের উপর নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করতে গত জুনে বেইজিং সেখানে জাতীয় নিরাপত্তা আইন জারি করেছে। যা নিয়ে আন্তর্জাতিক মহলে চীনের তীব্র সমালোচনা চলছে।
হংকংয়ের প্রায় ৭৫ লাখ বাসিন্দার বেশিরভাগই জাতীয় নিরাপত্তা আইনকে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে বিবেচনা করেন। করোনাভাইরাস মহামারীর মধ্যেও হংকংয়ে সরকার ও চীন বিরোধী বিক্ষোভ হচ্ছে।
মহামারীর কারণে হংকংয়ের স্থানীয় সরকার নির্বাচন এক বছর স্থগিত করা হয়েছে। সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল। সেখানে বর্তমানে চীনপন্থি সরকার ক্ষমতায় রয়েছে।
হংকংয়ের ক্যারি লাম সরকার করোনাভাইরাস মহামারীকে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করছে বলে অভিযোগ ‘দ্য হসপিটাল অথোরিটি এমপ্লইস অ্যালায়েন্স’ এর। গত বছর গণতন্ত্রপন্থি আন্দোলনের সময় সংগঠিত এই সংগঠনের সদস্য সংখ্যা ২০ হাজার।
সংগঠনটির নেতা উইনি ইয়ু বলেন, ‘‘এটি খুবই স্পষ্ট যে, সরকারের এক এবং একমাত্র লক্ষ্য হচ্ছে মহামারীকে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করা।
‘‘যেটা করলে চীন সরকারকে খুশি করা যাবে তারা শুধু সেটাই করছে। তারা রাজনীতিকে সব কিছুর উপরে রেখেছে।”
সর্বজনীন পরীক্ষার পরিবর্তে বরং সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া ভাল বলে মনে করেন তিনি। বলেন, ‘‘এটা অনেকটা জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা না করে গর্ভধারণ পরীক্ষা করার মত।”
হংকং সরকারের সর্বজনীন পরীক্ষা পরিকল্পনার সমালোচনাকে ‘হতাশাজনক’ বলে পাল্টা সমালোচনা করেছে চীন।
