২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিনজিয়াং, হংকংয়ে অন্য দেশের ‘হস্তক্ষেপ চায় না চীন’

শিনজিয়াং প্রদেশ ও স্বায়ত্তশাসিত হংকংসহ অভ্যন্তরীণ যে কোনো ব্যাপারে অন্য দেশগুলোর হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীন সরকারের শীর্ষ কূটনীতিক ওয়াং ই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2020, 06:22 PM

Updated : 08 Apr 2022, 01:16 AM

সংখ্যালঘু উইঘুর মুসলিম এবং হংকংয়ের গণতন্ত্রপন্থি কর্মী ও সরকারবিরোধীদের উপর বেইজিং নিপীড়ন চালাচ্ছে বলে পশ্চিমাদের ধারাবাহিক অভিযোগের প্রতিক্রিয়ায় রোববার চীনের স্টেট কাউন্সিলর ই এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শিনজিয়াংয়ে সংখ্যালঘুদের অধিকার লংঘনে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র কয়েক দফায় চীনের বেশ কয়েকজন কর্মকর্তা এবং প্রায় অর্ধশত কোম্পানির উপর নিষেধাজ্ঞাও দিয়েছে। হংকংয়ে বেইজিংয়ের চাপিয়ে দেওয়া নিরাপত্তা আইনের প্রতিক্রিয়ায়ও ওয়াশিংটন চীনা নিয়ন্ত্রিত শহরটির প্রধান নির্বাহী ক্যারি লামসহ হংকং ও চীনের প্রভাবশালী ১১ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে।

চীন শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা মানবাধিকার লংঘন ও নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার পাল্টায় তারাও যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে।

সম্প্রতি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-যুব লে দ্রিয়ান বলেছেন, চীনা স্টেট কাউন্সিলর ওয়াং ই-র সঙ্গে বৈঠকে তিনি শিনজিয়ায় ও হংকংয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্যারিসের উদ্বেগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

পাল্টা বক্তব্যে রোববার চীনের শীর্ষ কূটনীতিক ই তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অন্যদের হস্তক্ষেপ না করতে পরামর্শ দিয়েছেন। 

“শিনজিয়াং ও হংকংয়ে যাই হোক না কেন, তা চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং অন্য দেশগুলোর উচিত নয় এসব বিষয়ে হস্তক্ষেপ করা,” বলেছেন তিনি।