২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় একদিনে ভাইরাস শনাক্ত-মৃত্যুর রেকর্ড

আর্জেন্টিনায় করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় একদিনে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 08:23 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

বিবিসি জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৩ জনের এবং মারা গেছে ৩৮১ জন।

এ নিয়ে আর্জেন্টিনায় এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে এবং মারা গেছে ৭ হাজার ৩৬৬ জন।

আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রাজধানী বুয়েনস আয়ারস এবং এর শহরতলীগুলোতে কয়েক সপ্তাহের কঠোর কোয়ারেন্টিনের পর এখন সংক্রমণ দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

আর্জেন্টিনার হাজার হাজার মানুষ গত সোমবার সিব বিধিনিষেধ তুলে নিয়ে দেশের অর্থনীতি সচল করার দাবিতে একটি পদযাত্রায় অংশ নেয়। এরপরই সেখানে একদিনে রেকর্ড রোগী শনাক্ত-মৃত্যুর এ খবর এল।

আর্জেন্টিনা গত দুই বছর মারাত্মক অর্থনৈতিক সঙ্কট পাড়ি দিয়েছে। মন্দার পাশাপাশি দেশটিতে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটেছে এবং দারিদ্র্যও বেড়েছে। এবছর মহামারীতে দেশটির অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে।

আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, দেশজুড়ে ৫৭ দশমিক ৩ শতাংশ ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) শয্যাই রোগীতে পূর্ণ হয়ে গেছে। আর রাজধানীর মেট্রোপলিটন এলাকায় এই হার ৬৪ দশমিক ৫ শতাংশ।

তারপরও ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ ব্রাজিল, চিলি এবং পেরুর চেয়ে আর্জেন্টিনায় এখনও করোনাভাইরাস শনাক্ত হওয়া এবং মারা যাওয়া রোগীর সংখ্যা তুলনামূলক কম।