২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করতে চান সোনিয়া, কার হাতে যাবে কংগ্রেসের নেতৃত্ব?

ভারতীয় উপমহাদেশের শতাব্দী প্রাচীন দল কংগ্রেস পার্টির অন্তর্দ্বন্ত এখন আর গোপন নেই। সম্প্রতি দলের ২৩ জ্যেষ্ঠ নেতা সভপতি পদে পরিবর্তন চেয়ে চিঠি লেখার পর অন্তর্বর্তী সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন সোনিয়া গান্ধী। এ পরিস্থিতিতে কংগ্রেসের হাল কার হাতে যাচ্ছে? গান্ধী না এ পরিবারের বাইরের কেউ- তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 07:21 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

এ মুহূর্তে সোনিয়া এবং রাহুল কেউই দায়িত্ব নিতে চাইছেন না। ওদিকে খবর বেরিয়েছে, সোনিয়াকে চিঠি লিখে কার্যত দল পরিচালনা নিয়ে প্রশ্ন তোলা ‘২৩ নেতার অনেকের সঙ্গেই ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সম্পর্ক রয়েছে’ অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল গান্ধী।

রাহুলের মন্তব্যে তেলেবেগুনে জ্বলে উঠেছেন জ্যেষ্ঠ নেতারা। সোমবার জরুরি ভিত্তিতে ডাকা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ নিয়ে রীতিমত শোরগোল বেধে গেছে।

নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠায় সোনিয়া গান্ধী পদ থেকে অব্যাহতি চাইলে তার উত্তরসূরি মনোনয়নই এখন বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও বৈঠকের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সোনিয়ার নেতৃত্বের প্রতি দলের পূর্ণ আস্থা আছে বলে জানান। কিন্তু মনমোহনের এ বক্তব্য কোনও পক্ষকেই থামাতে পারেনি।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, স্থানীয় সময় সকাল ১১টায় অনলাইনে ওয়ার্কিং কমিটির ওই বৈঠক শুরু হয়। রাহুলের মন্তব্য ঘিরে শুরুতেই বৈঠক উত্তপ্ত হয়ে উঠে।

রাহুলের অভিযোগের প্রতিক্রিয়ায় সবচেয়ে সরব প্রতিবাদ জানান গোলাম নবী আজাদ ও কপিল সিব্বল। আজাদ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ‘বিজেপির সঙ্গে যোগাযোগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন’ বলেন।

আর সিব্বল বৈঠক চলার সময় ক্ষোভ প্রকাশ করে টুইট করে বসেন। লেখেন, ‘‘রাহুল গান্ধী বিজেপি’র সঙ্গে আমাদের যোগসাজশ থাকার কথা বলছেন। রাজস্থান হাইকোর্টে কংগ্রেসকে রক্ষায় সাফল্য পেয়েছি। মণিপুরে বিজেপি সরকারের বিরুদ্ধে দলের লড়াইয়ে সঙ্গ দিয়েছি। গত ৩০ বছর বিজেপির সমর্থনে একটা কথাও বলিনি। তবুও বিজেপি’র সঙ্গে আমাদের আঁতাঁত!’’

এখন অবশ্য আর ওই টুইট খুঁজে পাওয়া যাচ্ছে না। সিব্বল দ্রুত সেটি সরিয়ে নিয়ে নতুন পোস্টে লেখেন, ‘‘রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন, আমাকে দায়ী করে তিনি কখনোই কিছু বলেননি। তাই আমি আমার টুইট প্রত্যাহার করে নিয়েছি।”

কংগ্রেস থেকেও এক টুইটে রাহুল গান্ধী ‘এ ধরনের একটি শব্দও বলেননি, এমনকি ইঙ্গিত পর্যন্ত করেননি’ বলে জানানো হয়েছে। ‘‘সংবাদমাধ্যমগুলো এটা নিয়ে ‘মিথ্যা বা ভুল তথ্যের ভিত্তিতে’ প্রতিবেদন প্রকাশ করেছে।’’

এনডিটিভি জানায়, গত ৭ অগাস্ট সোনিয়াকে ওই চিঠি লেখা হয়। গত রোববার ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকায় চিঠিটি ফাঁস হয়। চিঠির পাল্টা জবাবে সোনিয়া সভাপতির পদ গ্রহণে অনীহার কথা জানান।

ভারতের সর্বশেষ জাতীয় নির্বাচনে দলের ভরাডুবির পর গতবছর কংগ্রেসের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী। তারপর নেতাদের অনুরোধে অনেকটা বাধ্য হয়েই গত বছর ১০ অগাস্ট সোনিয়া দলের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নিয়ে রাজি হয়েছিলেন।

কংগ্রেসের গঠনতন্ত অনুযায়ী, অন্তর্বর্তী সভাপতির মেয়াদ সর্বোচ্চ এক বছর। এরই মধ্যে সোনিয়ার সেই মেয়াদ পার হয়ে গেছে। এছাড়া, যদি সভাপতির মৃত্যু হয় বা তিনি পদত্যাগ করেন তবে এনআইসিসির সবচেয়ে প্রবীণ সাধারণ সম্পাদক অস্থায়ীভাবে দায়িত্ব নিয়ে একজন সভাপতি নির্বাচন করবেন।

গান্ধী পরিবারের বাইরে যাদের হাতে দায়িত্ব  যেতে পারে তাদের মধ্যে নাম শোনা যাচ্ছে মল্লিকার্জুন খাড়গে, গোলাম নবী আজ়াদ, আনন্দ শর্মার মতো প্রবীণ নেতার মুখ। যদিও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে অসন্তুষ্ট দলের একাংশ।আবার গোলাম নবী আজাদ এবং আনন্দ শর্মার অবস্থানও অনেকটা একই।

আনন্দবাজার জানায়, যে ২৩ সদস্য সোনিয়াকে চিঠি লিখেছেন তাদের মধ্যে গোলাম নবী আজাদ, কপিল সিব্বল,  আনন্দ শর্মার মতো রাজ্যসভার সাংসদ,  শশী থারুর, মণীশ তিওয়ারির মতো লোকসভার সাংসদ,  বীরাপ্পা মইলি, রেণুকা চৌধুরীর মতো সাবেক কেন্দ্রীয় মন্ত্রী,  জিতেন প্রসাদ, মিলিন্দ দেওরার, সন্দীপ দীক্ষিতের মতো তরুণ নেতা, ভূপিন্দ্র সিংহ হুডা, পৃথ্বীরাজ চহ্বাণদের, রাজেন্দর কউর ভট্টলদের মতো সাবেক মুখ্যমন্ত্রীরা রয়েছেন।

তাদের দাবি,  দলে ‘স্থায়ী এবং কার্যকর নেতৃত্ব’ দরকার। যারা দলের নেতৃত্বে থাকবেন তাদের সবসময় জনগণের সামনে এবং সক্রিয় ভূমিকায় থাকতে হবে। তারা ঐক্যদ্ধ হয়ে দল চালাবেন।

গত ২৪ ঘণ্টায় একটি চিঠি নিয়ে যেভাবে রাজনৈতিক মহলে তোলপাড় হয়েছে তাতে এটি স্পষ্ট যে, কংগ্রেসের হাল যিনিই ধরুন তাকে সক্রিয়ভাবে সর্বক্ষণের জন্যই দল পরিচালনা করতে হবে- এমনটিই চাইছেন দলের বেশিরভাগ শীর্ষ নেতা।