সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
করোনাভাইরাস মোকাবেলা নিয়ে দেশে-বিদেশে সমালোচিত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ফের আরেকবার বিতর্কে কেন্দ্রে উঠে এসেছেন। এবার এক সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দিয়ে সমালোচিত হয়েছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট বোলসোনারো দুর্নীতিতে তার পরিবারের জড়িত থাকার অভিযোগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে ক্যামেরার সামনেই ওই হুমকি দেন।
ঘটনাটি ঘটেছে রোববার। রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন ক্যাথেড্রাল পরিদর্শনের সময়। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বোলসোনারো। আর ওই সাংবাদিকদের মধ্যেই ছিলেন ব্রাজিলের ‘ও গ্লোবো’ নামের একটি পত্রিকার প্রতিবেদক।
সিএনএন জানায়, বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো। হঠাৎ করেই ঘটে ছন্দপতন। আর্থিক একটি দুর্নীতিতে বলসোনারোর স্ত্রীর জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করে ‘ও গ্লোবো’র ওই সাংবাদিক প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তখনই রেগে গিয়ে বোলসোনারো বলেন, “তোমার মুখে ঘুষি মারতে ইচ্ছে করছে।” ভিডিওতে প্রেসিডেন্টকে এই হুমকি দিতে দেখা গেছে।
রোববারের এ ঘটনা নিয়ে সিএনএন বোলসোনারোর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তার মুখপাত্র এ ব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ওদিকে, বোলসোনারোর হুমকির পর ‘ও গ্লোবো’ পত্রিকা তার আচরণের নিন্দা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সংবাদপত্রের একজন সাংবাদিক, যিনি কেবল পেশাগত দায়িত্ব পালন করছিলেন, তার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন প্রেসিডেন্ট।”
ব্রাজিলে সাংবাদিকদের ন্যাশনাল এসোসিয়েশনও একটি বিবৃতি দিয়ে বলেছে, “একজন সাংবাদিকের প্রশ্নে প্রেসিডেন্ট আরও একবার দ্বিধাহীন চিত্তে আগ্রাসী আচরণ করলেন, এটি দুঃখজনক। এই আচরণ সংবিধান স্বীকৃত বাক-স্বাধীনতা এবং গণতন্ত্রের সঙ্গে কোনওভাবেই সঙ্গতিপূর্ণ নয়।”
রোববারের ওই ঘটনা নিয়ে বোলসোনারোর সমালোচকরাও তার সমালোচনা করে বলেছেন, “সংবাদপত্রকে হুমকি দেওয়া মানে খোদ গণতন্ত্রকেই হুমকি দেওয়া।”
সিএনএন জানায়, ব্রাজিলের ক্রুসো নামের একটি ম্যাগাজিনে অগাস্টের শুরুর দিকে এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রেসিডেন্টের বড় ছেলে ফ্ল্যাবিও বোলসোনারোর সাবেক উপদেষ্টা ফ্যাব্রিসিও কুইরোজ ২০১১ এবং ২০১৬ সালের মধ্যে প্রায় ৭২ হাজার ব্রাজিলিয়ান রিয়েল ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোর একাউন্টে স্থানান্তর করেছেন বলে অভিযোগ আছে।
এই প্রতিবেদনের প্রসঙ্গেই প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে রোববার প্রশ্ন করেছিলেন গ্লোবো’র প্রতিবেদক। বোলসোনারোর ছেলের দুর্নীতি নিয়ে চলমান তদন্তের আওতায় কুইরোজ বর্তমানে গৃহবন্দি। এছাড়াও আরো নানা অভিযোগে বোলসোনারো পরিবারের বিরুদ্ধে তদন্ত চলছে।
