২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে ‘জঙ্গি’ হামলায় নিহত ১৩

কঙ্গোর পূর্বাঞ্চলের দুইটি গ্রামে সন্দেহভাজন ইসলামপন্থি জঙ্গিদের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী এবং একজন গ্রাম প্রধান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Aug 2020, 06:16 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

ওইচা নগরী থেকে ১০ কিলোমিটার পূর্বে কিনজিকি-মাতিবা এবং উইকেনো গ্রামে স্থানীয় সময় শুক্রবার বিকালে উগান্ডা ভিত্তিক স্বশস্ত্র জঙ্গিদল দ্য অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রাম প্রধান চুই মুকালানগিরওয়া বলেন, জঙ্গিরা প্রথমে গ্রামের কয়েকজনকে বেঁধে ফেলে। পরে তাদের হত্যা করে।

“আমরা কর্তৃপক্ষের কাছে করজোড়ে এই রক্তস্নান বন্ধ করার অনুরোধ জানিয়েছি।”

সেনা সদস্যরা মৃতদেহগুলোর সৎকারে স্থানীয়দের সহায়তা করেছে। এছাড়া, ওই এলাকায় আরো সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর এক মুখপাত্র।

এডিএফ প্রায় তিন দশক ধরে উগান্ডা সীমান্তবর্তী নর্থ কিভু প্রদেশের ঘন জঙ্গল থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। তাদের দমনে কঙ্গোর সেনাবাহিনী গত বছরের শেষ দিকে ওই এলাকায় বড় ধরনে সেনা অভিযান শুরু করে। যার মূল্য চুকাতে হচ্ছে নিরীহ গ্রামবাসীদের। জঙ্গিরা মাঝেমধ্যেই গ্রামগুলোতে হানা দিয়ে হত্যাযজ্ঞ চালায়।

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি দল ইসলামিক স্টেট (আইএস) এডিএফ-র কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। দুই জঙ্গিদলের মধ্যে কী সম্পর্ক তার স্পষ্ট কোনো প্রমাণ নেই।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত এডিএফ এক হাজারের বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে।