২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের জনসমর্থন বাড়ছে: সিএনএন জরিপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বাড়তে দেখা যাচ্ছে সিএনএন এর নতুন একটি জরিপে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 10:56 PM

Updated : 08 Apr 2022, 01:13 AM

এসএসআরএস  সংস্থা পরিচালিত সিএনএন-এর এই জরিপে দেখা গেছে, জুন মাস থেকে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

যুক্তরাষ্ট্রের ৫৩ শতাংশ ভোটারই এ বছর নির্বাচনে ভোট দিতে খুবই উৎসাহী। জরিপে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে ৫০ শতাংশ নিবন্ধিত ভোটার বাইডেন-কমলা হ্যারিসকে সমর্থন করছেন। আর ট্রাম্প ও মাইক পেন্সকে সমর্থন করছেন ৪৬ শতাংশ ভোটার।

অন্যদিকে, ভোট দিতে অতি উৎসাহী ভোটারদের মধ্যে বাইডেনকে সমর্থন করছেন ৫৩ শতাংশ, আর ট্রাম্পকে সমর্থন করছেন ৪৬ শতাংশ ভোটার। দুই নেতার মধ্যে ব্যবধান কতটা কমেছে তা এ থেকে স্পষ্ট।

যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, ট্রাম্প ও বাইডেনের মধ্যে জনসমর্থনের ব্যবধান মাত্র ১ শতাংশে নেমে এসেছে। বাইডেনকে সমর্থন করছেন ৪৯ শতাংশ নিবন্ধিত ভোটার। আর ট্রাম্পকে সমর্থন করছেন ৪৮ শতাংশ ভোটার।

জুন থেকে দেশব্যাপী পরিচালিত জরিপে পুরুষদের মধ্যে ট্রাম্প এবং বাইডেনের জনপ্রিয়তার ক্ষেত্রে জুন মাসে দুই নেতার পক্ষেই সমর্থন সমান দেখা গিয়েছিল; কিন্তু এখন দেখা যাচ্ছে, ট্রাম্পের পক্ষে রয়েছে ৫৬ শতাংশ আর বাইডেনের পক্ষে ৪০ শতাংশ।

৩৫ থেকে ৬৪ বছর বয়সী ভোটারদের ক্ষেত্রেও জনসমর্থন এখন ট্রাম্পের দিকেই ঝুঁকে রয়েছে। জুনে যে সমর্থনের পাল্লা ছিল বাইডেনের দিকে। আর স্বতন্ত্র ভোটারদের মধ্যে জুনে বাইডেনের পক্ষে ছিল ৫২ শতাংশ, ট্রাম্পের পক্ষে ছিল ৪১ শতাংশ।

এখন সেই হার বাইডেন এবং ট্রাম্পের পক্ষে যথাক্রমে ৪৬% ও ৪৫% শতাংশে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রেও দুইজনের জনসমর্থনের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমতে দেখা যাচ্ছে।

দলগত অবস্থানের দিক থেকেও ট্রাম্পের সমর্থনের পাল্লা ভারি হয়েছে। সিএনএন জানায়, জুনে যেখানে ৮ শতাংশ রিপাবলিকান বা রিপাবলিকান-পন্থি বাইডেনকে সমর্থন করেছিলেন, সেই সমর্থন এখন কমে দাঁড়িয়েছে ৪ শতাংশে। আর রক্ষণশীলদের মধ্যে ট্রাম্পের সমর্থন এখন ৭৬ শতাংশ থেকে বেড়ে ৮৫ শতাংশ হয়েছে।

তবে জরিপে বলা হয়েছে, ট্রাম্পের ১২ শতাংশ সমর্থকই বলেছেন, নভেম্বর নাগাদ তাদের এই মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে। আর বাইডেনের ক্ষেত্রে মন পরিবর্তন হতে পারে বলেছেন ৭ শতাংশ ভোটার।