ইরান নিয়ে সম্মেলন নয়, নিষেধাজ্ঞায় আগ্রহী ট্রাম্প
বিশ্বনেতাদের সঙ্গে ইরান নিয়ে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সম্মেলন আহ্বান করেছেন তাতে যোগ নাও দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বরং ইরানের উপর পুনরায় সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যেতেই তিনি বেশি আগ্রহী।
গত শুক্রবার যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ইরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু পর্যাপ্ত ভোট না পাওয়ায় ওই প্রস্তাব বাতিল হয়ে যায়।
নিরাপত্তা পরিষদে প্রস্তাব বাতিল হলেও দমে যাননি ট্রাম্প। বরং নিজের লক্ষ্যে অবিচল ট্রাম্প আগামী সপ্তাহ থেকেই আবার চেষ্টা শুরু করবেন বলে জানিয়েছেন।
নিউ জার্সির বেডমিন্সটার গল্ফ ক্লাবে শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমরা দ্রুত আগের অবস্থানে ফিরে যাব। আমরা আগামী সপ্তাহে বিষয়টি দেখে নেব।”
২০১৫ সালে বিশ্ব নেতাদের সঙ্গে ‘ইরান পরমাণু চুক্তি’ স্বাক্ষরের পর দেশটির উপর থেকে ধীরে ধীরে নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে আগামী অক্টোবরে ইরানের উপর আরোপ করা জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা।
ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে ‘ইরান পরমাণু চুক্তি’ থেকে সরিয়ে নেন। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিশ্বনেতাদের ইরানের বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব দেওয়ার পরই মূলত নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বাতিল হয়ে যায়।
পুতিনের আহ্বান করা সম্মেলনে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘সম্ভবত না।”নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে ভোট দেয়। যুক্তরাষ্ট্র এবং ডমিনিকান রিপাবলিক পক্ষে ভোট দেয়। এছাড়া, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ বাকি ১১ সদস্য ভোট দানে বিরত থাকে।
নিরাপত্তা পরিষদে প্রস্তাব বাতিল হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক পরাজয় বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
শনিবার টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্র ঠিক কত মাস ধরে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাবনা পাওয়ার প্রস্তুতি নিচ্ছে তা আমি মনেও করতে পারছি না। এত কিছুর পর তাদের অর্জন মাত্র একটি ভোট।
“যুক্তরাষ্ট্র তাদের এ ষড়যন্ত্রে অত্যন্ত অপমানজনকভাবে হেরে গেছে এবং এটাই সবচেয়ে বড় সাফল্য।”
তাদের প্রস্তাব মেনে না নিয়ে বিশ্বনেতারা ‘গুরুতর ভুল করেছেন এবং এজন্য তাদের পস্তাতে হবে’ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইসরায়েল তার সুরে সুর মিলিয়ে বলেছে, এটা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াবে।
