বোলসোনারোর নতুন কোভিড-১৯ পরীক্ষার ফল ‘নেগেটিভ’
নিজের বাসভবনে কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকার পর কোভিড-১৯ এর নতুন পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
শনিবার সোশাল মিডিয়ায় হাইড্রক্সিক্লোরোকুইনের একটি বাক্স হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন বোলসোনারো, সঙ্গে দেওয়া টেক্সটে লিখেছেন, সার্স-কোভ টু এর জন্য করা তার আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
তবে তিনি কবে পরীক্ষাটি করেছেন তা নিয়ে কিছু বলেননি বা বিস্তারিত কিছু জানাননি।
কোভিড-১৯ এর চিকিৎসায় ম্যালেরিয়ার ওই ওষুধটির কার্যকারিতার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণের অভাব সত্ত্বেও তার রোগ সারার জন্য এই হাইড্রক্সিক্লোরোকুইনকেই ব্রাজিলের প্রেসিডেন্ট কৃতিত্ব দিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মহামারীর সঙ্কটকে শুরু থেকেই উপেক্ষা করে আসা বোলসোনারো গত ৭ জুলাই করোনাভাইরাস আক্রান্ত হন। ওই বারসহ চলতি মাসে তিনবার তার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।
তারপর থেকে প্রেসিডেন্টের বাসভবনে আংশিক আইসোলেশনে ছিলেন তিনি। ভিডিওকনফারেন্সের মাধ্যমে দাপ্তরিক কাজ সেরেছেন। মাঝে মধ্যে তাকে বাড়ির বাইরে দেখা গেছে, তারমধ্যে একটি সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে তাকে অভিবাদন জানাতেও দেখা গেছে। এ সময় সমর্থকদের থেকে কয়েক মিটার দূরে থাকা অবস্থায় কয়েকবার তাকে মাস্ক সরিয়ে ফেলতেও দেখা যায়।
বোলসোনারোসহ ব্রাজিলের ২৩ লাখেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থান আছে দেশটি। মহামারীটি ব্রাজিলের ৮৫ হাজারেরও বেশি লোকের প্রাণ কেড়ে নিয়েছে।
করোনাভাইরাসের ঝুঁকিকে ছোট করে দেখিয়ে মহামারীর শুরু থেকেই বিভিন্ন মন্তব্য করে আসছিলেন ব্রাজিলে প্রেসিডেন্ট, যে কারণে তাকে সমালোচিত হতে হয়েছে বিশ্বজুড়ে।
কোভিড-১৯ কে সাধারণ সর্দি-জ্বরের সঙ্গে তুলনা করে গত এপ্রিলে বোলসোনারো বলেছিলেন, এ ভাইরাস তাকে মোটেও কাবু করতে পারবে না।
রোগ থেকে সেরে উঠে তিনি দেশজুড়ে ভ্রমণ শুরু করবেন বলে জানিয়েছেন ব্রাজিলের এ কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট।
