উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে, অভিযোগ ৪৩ দেশের
উত্তর কোরিয়া পেট্রোলিয়াম আমদানিতে জাতিসংঘ নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে অভিযোগ তুলে অবিলম্বে এ জ্বালানি সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে ৪০ টিরও বেশি দেশ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সসহ ৪৩ টি দেশ শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা কমিটিতে নালিশ জানিয়ে বলেছে, তাদের হিসাবমতে- এ বছরের প্রথম ৫ মাসে পিয়ংইয়ং অবৈধভাবে ৫৬ টি ট্যাংকারে করে ১৬ লাখ ব্যারেল পরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করেছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রাশ টেনে ধরতে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০১৭ সালের ডিসেম্বরে দেশটিতে বার্ষিক ৫ লাখ ব্যারেল পেট্রোলিয়াম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
কিন্তু উত্তর কোরিয়া সমুদ্রে নিয়মিতই অবৈধভাবে এক জাহাজ থেকে আরেক জাহাজে পেট্রোলিয়াম স্থানান্তরের মাধ্যমে তা আমদানি করে যাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছে দেশগুলো।
উত্তর কোরিয়া নিষেধাজ্ঞায় বেঁধে দেওয়া পেট্রোলিয়াম আমদানির সীমা পেরিয়ে গেছে- এ ব্যাপারে একটি স্থির সিদ্ধান্ত নিয়ে “সদস্য রাষ্ট্রগুলোকে অবিলম্বে এ বছর শেষে মধ্যেই উত্তর কোরিয়ায় এ জ্বালানি বিক্রি, সরবরাহ কিংবা হস্তান্তর বন্ধ করতে হবে” বলে জানানোর জন্য নিষেধাজ্ঞা কমিটিকে অনুরোধ জানিয়েছে ৪৩ দেশ।
২০১৮ এবং ২০১৯ সালে একই ধরনের অনুরোধ ঠেকিয়ে দিয়েছিল উত্তর কোরিয়ার মিত্র দেশ রাশিয়া এবং চীন। চীন এবং রাশিয়া মিলে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে উত্তর কোরিয়ার কাছে ১০৬,০৯৪.১৭ ব্যারেল পেট্রোলিয়াম হস্তান্তর করেছে বলে খবর পাওয়ার অভিযোগও করেছে ৪৩টি দেশ।
উত্তর কোরিয়া যাতে বাড়তি পেট্রোলিয়াম না পেতে পারে এবং জাহাজে করে অবৈধভাবে তা আমদানি করতে না পারে সেজন্য অবিলম্বে আরও কড়া পাহারার ব্যবস্থা নেওয়ার জন্য নিষেধাজ্ঞা কমিটিকে আহ্বান জানিয়েছে তারা।
