২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে দূতাবাসে হামলা-হত্যার হুমকি দেওয়া হচ্ছে: চীন

যুক্তরাষ্ট্রে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ নিয়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে এবার ওয়াশিংটনের চীনা দূতাবাসে বোমা হামলা ও কূটনীতিকদের বিরুদ্ধে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jul 2020, 09:01 PM

Updated : 08 Apr 2022, 01:07 AM

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বুধবার টুইটারে এক পোস্টে এ হুমকির জন্য যুক্তরাষ্ট্র সরকারকে দায়ী করেছেন।

টুইটে তিনি লেখেন, “চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ঘৃণা-বিদ্বেষমূলক প্রচারের ফলে দূতাবাস এই #বোমা এবং #হত্যাহুমকি পাচ্ছে।”

তবে এ হুমকির ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি হুয়া। কারা হত্যার হুমকি পেয়েছেন তাদের পদবীও জানাননি তিনি।

চীনা কর্মকর্তাদের বড় ধরনের গুপ্তরচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র শুক্রবারের মধ্যে হিউস্টনের চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে বুধবার। চীনও সঙ্গে সঙ্গেই এর পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং তার বক্তব্যে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির অভিযোগও অস্বীকার করেছেন। কোনওকিছুতে হস্তক্ষেপ করা চীনের পররাষ্ট্রনীতির ধারা নয়, বলেছেন তিনি।

হিউস্টনের কনস্যুলেট বন্ধ করা নিয়ে বিরোধের মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের আরও কনস্যুলেট বন্ধের হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

দুইপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ার এই সময়ে সানফ্রানসিসকোয় চীনা কনস্যুলেট নিয়েও ওয়াশিংটনের সঙ্গে জটিলতা সৃষ্টি হয়েছে।

ভিসা জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে ঢোকা এক চীনা বিজ্ঞানী গ্রেপ্তার এড়াতে সানফ্রানসিসকোর চীনা কনস্যুলেটে লুকিয়ে আছেন বলে অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ‘এফবিআই’।

এফবিআই কৌঁসুলিরা বলছেন, চীনের সেনাবাহিনীর সঙ্গে ওই বিজ্ঞানীর সম্পৃক্ততা আছে। কিন্তু যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য ভিসার আবেদনপত্রে তিনি সেকথা গোপন করেছেন। তার নাম জুয়ান তাং।

কৌসুলিদের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিজ্ঞানীদের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে পাঠানোর যে কর্মসূচি চীনের সেনাবাহিনীর (পিএলএ) রয়েছে তার অংশ হিসাবে জুয়ান তাংকে সেখানে পাঠানো হয়েছে।

চীন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে তাদের বিজ্ঞানী এবং কনস্যুলেটের বিরুদ্ধে বৈরি পদক্ষেপের নিন্দা করেছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রে চীনের পন্ডিতদের হয়রানি করা এবং দমনপীড়নের জন্য প্রশাসন অজুহাত দাঁড় করাচ্ছে।