২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলসোনারোর তৃতীয় করোনাভাইরাস পরীক্ষার ফলও ‘পজিটিভ’

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ১৪ দিন পর তৃতীয় পরীক্ষাতেও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ফল ‘পজেটিভ’ এসেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jul 2020, 10:36 PM

Updated : 08 Apr 2022, 01:06 AM

তবে এখনও তার শরীরে গুরুতর কোনো অসুবিধা দেখা দেয়নি জানিয়ে বুধবার দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘‘গতকাল (মঙ্গলবার) আবারও প্রেসিডেন্টের পরীক্ষা করা হয়েছে। এতে ফল পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন এবং চিকিৎকদের নজরদারিতে রয়েছেন।”

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার শুরু থেকেই মারাত্মক সংক্রামক এই রোগটিকে উপেক্ষা করে আসছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এ রোগের বিস্তার রোধে বলতে গেলে কোনও ব্যবস্থাই তিনি গ্রহণ করেননি।

দেশবাসী হাতেনাতে তার ফল ভোগ করছে। করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর দিক দিয়ে তালিকায় দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। তাদের আগে আছে শুধু যুক্তরাষ্ট্র।

এ মাসের শুরুর দিকে বোলসোনারো নিজেও জ্বরসহ নানা উপসর্গে ভুগতে শুরু করেন এবং গত ৭ জুলাই পরীক্ষায় তার করোনাভাইরাস ‘পজেটিভ’ পাওয়া যায়। যদিও এর আগে আরো তিনবার পরীক্ষার তার ফল ‘নেগেটিভ’ এসেছিল।

বোলসোনারো নিজেই তার করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কথা জানিয়ে বলেছিলেন, এর চিকিৎসায় তিনি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন। এতে কাজও হচ্ছে।

আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর তার দ্বিতীয় পরীক্ষার ফলও ‘পজিটিভ’ আসে।