চীনের সাংহাই বিমানবন্দরে কার্গো বিমানে আগুন
চীনে সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের পণ্যবাহী একটি বিমানে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার বিকালের দিকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ এর কার্গো বিমানে এই আগুন লাগে। তবে বিমানবন্দরের দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছে ইথিওপিয়া এয়ারলাইন্স।
সাংহাই থেকে সাও পাওলো-সান্টিয়াগোয় নিয়মিত পণ্য পরিবহণ করা হয় ওই বিমানে। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি ও ভিডিওতে বিমানটি থেকে ঘন কালো ধোঁয়ার কুন্ডলী এবং উপরের দিকের বড় একটি অংশ পুড়ে যেতে দেখা গেছে।
অগ্নিকাণ্ডের পর সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী ফ্লাইটগুলোর দিক পরিবর্তন করে সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
