২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনগামী বিমানে উঠতে লাগবে কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ

চীনগামী বিমানে ওঠার আগেই যাত্রীদেরকে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ দেখাতে হবে বলে জানিয়েছে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 06:51 PM

Updated : 08 Apr 2022, 01:06 AM

আন্তর্জাতিক পর্যায়ে বিমান চলাচল বাড়তে থাকায় বিদেশি কিংবা বিদেশফেরত যাত্রীদের মাধ্যমে যেন নতুন করোনাভাইরাস ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে বেইজিংয়ের চেষ্টার অংশ হিসেবেই মঙ্গলবার এ সিদ্ধান্ত এল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) তাদের ওয়েবসাইটে লিখেছে, বিমানে আরোহনের সময় থেকে সর্বোচ্চ ৫ দিন আগের নিউক্লিয়িক এসিড টেস্টের সনদ দেখানো যাবে।

তবে যেনতেন পরীক্ষাগারে এ টেস্ট করালে হবে না, করতে হবে চীন দূতাবাস অনুমোদিত কিংবা স্বীকৃত প্রতিষ্ঠানগুলোতে।

এখন থেকে বিভিন্ন দেশের চীনা দূতাবাস দেশগুলোর শনাক্তকরণ পরীক্ষার সক্ষমতা সাবধানতার সঙ্গে মূল্যায়ন করবে এবং পরীক্ষার শর্ত পূরণ হলে ভ্রমণ বিষয়ক প্রক্রিয়াও ঠিক করবে, বলেছে সিএএসি।

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার সক্ষমতা ও গতি নিয়ে বিভিন্ন দেশের দিশেহারা অবস্থার মধ্যে বেইজিং এ ঘোষণা দিল।

চীনের নতুন এ সিদ্ধান্ত অনেক দেশকেই বিপাকে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু কিছু অংশে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল সংক্রান্ত সনদ পেতে দুই সপ্তাহ পর্যন্ত লেগে যায়। আবার কিছু কিছু দেশে কোভিড-১৯ রোগীর সংস্পর্শে এসেছে কিংবা প্রাণঘাতী রোগটির উপসর্গ প্রকাশ পেয়েছে এমন ব্যক্তিদেরই কেবল নিউক্লিয়িক এসিড টেস্ট করা হচ্ছে।

অর্থনীতি ফের সচলের লক্ষ্যে সিএএসি গত কয়েক মাসে অসংখ্য এয়ারলাইন্সকে চীনে কার্যক্রম শুরু ও ফ্লাইট বাড়ানোর অনুমতি দিয়েছে।

শুক্রবার ডয়েচে লুফথানসা এজি জানিয়েছে, তারা সামনের সপ্তাহগুলোতে চীনের মূল ভূখণ্ডগামী এবং সেখান থেকে অন্যান্য লক্ষ্যে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছে।

এয়ার ফ্রান্স কেএলএম জানিয়েছে, চীনে তাদের ফ্লাইট সংখ্যা বাড়ানোরও অনুমতি মিলেছে।

চীনে অবতরণের পর কোনো ফ্লাইটে ৫ জনের বেশি কোভিড-১৯ রোগীর সন্ধান মিললে বেইজিং এতদিন সেসব এয়ারলাইন্সের ফ্লাইটের উপর স্থগিতাদেশ দিয়ে আসছিল। এভাবে গত কয়েক মাসে অনেকগুলো এয়ারলাইন্সই বিধিনিষেধের খাড়ায় পড়েছে।