২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ভিয়েতনামে নতুন করে ১২ রোগী শনাক্ত

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় সফল বলে বিবেচিত ভিয়েতনামে নতুন করে ১২ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে, এদের সবাই বিদেশ ফেরত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 10:11 AM

Updated : 08 Apr 2022, 01:06 AM

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া থেকে ফেরা ভিয়েতনামি নাগরিকদের একটি দলকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তাদের মধ্যে ১২ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি আগ্রাসী ও সুনির্দিষ্ট শনাক্তকরণ পরীক্ষা এবং কেন্দ্রীয় কোয়ারেন্টিন ব্যবস্থাপনার মাধ্যমে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সফলতার অনন্য নজির সৃষ্টি করেছে।

ভিয়েতনাম সরকার শুরু থেকেই কোভিড-১৯ আক্রান্ত ও সম্ভাব্য আক্রান্তদের খুঁজে বের করতে প্রচুর পরীক্ষা এবং সময়মত কঠোর লকডাউন বাস্তবায়নের মাধ্যমে এ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে নামে।

করোনাভাইরাস সংক্রমণের উৎপত্তিস্থল চীনের প্রতিবেশী হিসেবে উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকার পরও দেশটিতে এখন পর্যন্ত মাত্র ৩৯৬ জন নতুন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের প্রায় ৯০ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন; মৃত্যু হয়নি এক জনেরও। ।

তিন মাসেরও বেশি সময় ধরে দেশটিতে স্থানীয়ভাবে করোনাভাইরাস সংক্রমণের কোনো ঘটনা নেই। দেশটিতে এ রোগে আক্রান্ত সবচেয়ে গুরুতর রোগীটিও সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।