২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নঁতের ক্যাথেড্রালে আগুন: এক স্বেচ্ছাসেবক আটক

ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় নঁতে শহরের সেইন্ট-পিয়েরে অ্যান্ড সেইন্ট পল ক্যাথেড্রালে আগুন লাগার ঘটনায় জড়িত সন্দেহে এক স্বেচ্ছাসেবককে আটক করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2020, 11:27 PM

Updated : 08 Apr 2022, 01:06 AM

ওই ব্যক্তি রুয়ান্ডা থেকে আসা এক শরণার্থী। তিনি ক্যাথেড্রালে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতেন এবং শুক্রবার রাতে ক্যাথেড্রালটি তালাবন্ধ করার কাজ ছিল তার।

শনিবার স্থানীয় কয়েকজন ফায়ার সার্ভিসে ফোন করে নঁতের ক্যাথেড্রাল থেকে ধোঁয়া বের হওয়ার খবর দেয়। ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানানো হয়নি।

আগুনে ভবনের কাঁচের জানালা এবং ভেতরের মূল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ১৫ মাস আগে প্যারিসের বিখ্যাত নতর দাম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নঁতে শহরের এ ক্যাথেড্রালটিতে আগুন লাগল।

শনিবারের আগুন লাগার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির আইনজীবী বলেছেন, ক্যাথেড্রালে আগুন সম্পর্কে তার মক্কেল ‘কিছুই জানেন না’। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, তারা এ ঘটনা সংশ্লিষ্ট সব অসঙ্গতি নিয়ে তদন্ত করে বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চান।

‘‘স্বেচ্ছাসেবক ওই ব্যক্তির ভূমিকা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। ‘‘তাকে পুলিশি হেফাজতে রাখার কারণ ব্যাখ্যায় অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আইনের নিজস্ব গতিতে তদন্ত চলছে।”

পুলিশের বিশ্বাস কেউ ইচ্ছা করেই ক্যাথেড্রালে আগুন ধরিয়ে দিয়েছিল। সেখানে একসঙ্গে তিন জায়গায় আগুন জ্বলছিল। ক্যাথেড্রালের একজন কর্মচারী স্থানীয় একটি পত্রিকায় বলেন, ঘটনার দিন রুয়ান্ডার ওই ব্যক্তি স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন।

ওই ব্যক্তির স্বাস্থ্যগত সমস্যা আছে এবং রুয়ান্ডায় অনেক নির্যাতন সহ্য করার পর কয়েক বছর আগে তিনি শরণার্থী হিসেবে ফ্রান্সে আসেন। ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় তিনি স্থানীয় কর্মকর্তাদের কাছে মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিলেন।

তবে ওই ব্যক্তি ইচ্ছা করে আগুন ধরিয়ে দিয়েছেন বলে এখনও বিশ্বাস করেন না এই কর্মী। বলেন, ‘‘তিনি এখানে প্রার্থনা করতে আসতেন।”

পুরনো খবর:

ফ্রান্সে নঁতের ক্যাথেড্রালে আগুন