২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা হতে পারে আড়াই কোটি: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা দুই কোটি ৫০ লাখ হতে পারে বলে জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2020, 06:14 PM

Updated : 08 Apr 2022, 01:05 AM

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা এক গবেষণায় সেখানে মোট সংক্রমণের সংখ্যা এমন হতে পারে বলে হিসাব করা হয়েছে, জানিয়েছে গার্ডিয়ান।

গার্ডিয়ান লিখেছে, এ সংখ্যাটি দেশটির সরকারি হিসাবে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৬৯ হাজারের চেয়েও অনেক অনেক বেশি, এমনকী বিশ্বব্যাপী শনাক্ত রোগীর মোট সংখ্যা প্রায় এক কোটি ৪০ লাখ থেকেও অনেক বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আরও তিন কোটি ৫০ লাখ লোক করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মুখে আছেন বলে রুহানি জানিয়েছেন।

শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট এমনটি বললেও সংখ্যার এই গড়মিল নিয়ে কিছু বলেননি।

আট কোটি জনসংখ্যার দেশ ইরানে সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৬৯ হাজার ৪৪০ জন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানই মহামারীটিতে সবচেয়ে বেশি পর্যুদস্ত হয়েছে।

রুহানি বলেছেন, “আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দুই কোটি ৫০ লাখ ইরানি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার প্রাণ হারিয়েছেন।

“আরও তিন থেকে সাড়ে তিন কোটি লোকের ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা আছে। মোট দুই লাখেরও বেশি লোক হাসপাতালে ভর্তি আছেন।”

শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ এ দেশটিতে ১৩ হাজার ৭৯১ জন মারা গেছেন।