২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে নতুন করোনাভাইরাসের অস্তিত্ব ছিল ডিসেম্বরেই, জানাচ্ছে গবেষণা

ইতালিতে গত বছরের ডিসেম্বরেই নতুন করোনাভাইরাসের অস্তিত্ব ছিল বলে দুটি শহরের নর্দমার পানি পরীক্ষা করে জানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 01:09 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

ইউরোপের এ দেশটিতে ফেব্রুয়ারির মাঝামাঝি প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। অথচ ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (আইএসএস) গবেষকরা মিলান ও তুরিনের নর্দমার পানির ১৮ ডিসেম্বরের নমুনাতে নতুন করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার কথা জানালেন।

তারা গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ইতালির উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি শহরের বর্জ্য পানি শোধনাগারের ৪০টি নমুনা পরীক্ষা করে এ সিদ্ধান্তে পৌঁছান বলে জানিয়েছে বিবিসি।

“অক্টোবর ও নভেম্বরের নমুনাতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এর অর্থ হচ্ছে, ভাইরাস তখনও ইতালিতে পৌঁছায়নি। বোলোনার নর্দমার পানির জানুয়ারির নমুনায় ভাইরাস শনাক্ত হয়েছে। ইতালিতে ভাইরাসের বিস্তার কীভাবে হয়েছে, তা বুঝতে এ গবেষণা সহায়তা করবে,” বলেছেন আইএসএসের বিশেষজ্ঞ গিউসেপ্পে লা রোসা।

ইতালিতে লম্বার্দি অঞ্চলের কোদোনিও শহরে প্রথম স্থানীয়ভাবে আক্রান্ত কোভিড-১৯ রোগীর সন্ধান মেলে; ২১ ফেব্রুয়ারি শহরটি অবরুদ্ধ ঘোষণা করার পর একে একে লম্বার্দি ও পার্শ্ববর্তী ভেনেতো অঞ্চলেও আরও ৯টি শহরেও লকডাউন দেয়া হয়।

সংক্রমণ প্রতিরোধে পুরো ইতালিজুড়ে লকডাউন ঘোষণা হয় মার্চের শুরুতে। দেশটিতে শনিবার পর্যন্ত কোভিড-১৯ এ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে। 

বর্জ্য পানির নমুনায় ভাইরাসের অস্তিত্ব শনাক্তকরণ পরীক্ষাকে ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলছে আইএসএস। এর মাধ্যমে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার আগেই ভাইরাসের উপস্থিতি সম্পর্কে অবগত হওয়া যায়। বিশ্বের অনেক দেশই এখন এ পদ্ধতি ব্যবহার করছে বলে জানিয়েছে বিবিসি।   

চীনে নতুন করোনাভাইরাসের আবির্ভাবের খবর মেলে গত বছরের ডিসেম্বরে; ওই একই সময়ে ইউরোপেও ভাইরাসটির অস্তিত্ব ছিল বলে বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে।

স্পেনে নর্দমার পানির নমুনা নিয়ে চালানো এক গবেষণাতেও বার্সেলোনায় মধ্য জানুয়ারিতেই নতুন করোনাভাইরাসের অস্তিত্ব ছিল বলে প্রমাণ মিলেছে। এরও প্রায় ৪০ দিন পর শহরটিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া যায়।  

মে মাসে ফ্রান্সের চিকিৎসকরা গত বছরের ডিসেম্বরে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তির সে সময় সংগৃহীত নমুনায় প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছিলেন।