ভারতে আবার লকডাউনে ফিরল চেন্নাই
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারতের কর্মকর্তারা দক্ষিণের শহর চেন্নাইসহ আশেপাশের আরো তিনটি এলাকায় আবার ১২ দিনের লকডাউন শুরু করেছেন।
বিবিসি জানায়, এ লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত। এ সময় কেবল প্রয়োজনীয় সেবা চালু থাকবে এবং মুদির দোকানগুলো খোলা থাকবে।
চেন্নাই ভারতের ষষ্ঠ বৃহত্তম শহর এবং তামিলনাড়ু রাজ্যের রাজধানী। তামিলনাড়ুতে শনাক্ত হওয়া ৫০,০০০ মানুষের মধ্যে ৩৭ হাজারের বেশি জনই চেন্নাইয়ের।
তামিলনাড়ুতে করোনাভাইরাসে মোট মৃত্যুহার তুলনামূলকভাবে কম হলেও চেন্নাইয়ে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আবার লকডাউন দেওয়া হল। ভারতে একমাত্র এ শহরটিই আবার লকডাউনে ফিরল।
তবে লকডাউন শুরুর আগেই হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শহর থেকে বের হওয়ার জন্য যানবাহনের চেকপোস্টে গাড়ির ভীড় ছিল।
‘দ্য হিন্দু’ পত্রিকা জানায়, চেন্নাই বিমানবন্দরেও গত কয়েক দিনে মানুষের ভিড় দ্বিগুণ হয়েছে।
করোনাভাইরাস আক্রান্তের হিসাবে ভারত এখন বিশ্বে চতুর্থ-সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এ পর্যন্ত দেশটিতে শনাক্ত আক্রান্তের সংখ্যা ৩৫০,০০০ এরও বেশি।
দৈনিক সংক্রমণ বাড়ছে। এর মধ্যেও এ মাসের শুরুতে ভারত কঠোর লকডাউন তুলে নিতে শুরু করেছে। তামিলনাড়ুতে বিশেষ করে চেন্নাইয়ের অবস্থা সবচেয়ে খারাপ। তাই সেখানে আবার লকডাউন জারি হল।
