ভারতীয় এলাকা নিয়ে নতুন মানচিত্র অনুমোদন নেপালের পার্লামেন্টে
তিনটি ভারতীয় অঞ্চলকে অন্তর্ভূক্ত করে দেশের নতুন মানচিত্র অনুমোদন করেছে নেপালের পার্লামেন্ট।
বৃহস্পতিবার ৫৯ আসনের উচ্চকক্ষ ন্যাশনাল এসেম্বলিতে ৫৭-০ ভোটে পাস হয়েছে নতুন মানচিত্র তৈরির সংশোধনী বিল।
এর আগে গত শনিবার বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ ভোটে অনুমোদন পেয়েছিল। এরপর উচ্চকক্ষে কোনোরকম বিরোধিতা ছাড়াই পাস হল এ সংবিধান সংশোধনী বিল।
ফলে নেপালের দাবি করা তিন এলাকা নিয়ে তৈরি নতুন রাজনৈতিক মানচিত্রকে জাতীয় প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করতে এখন প্রয়োজন শুধু প্রেসিডেন্টের অনুমোদন।
মানচিত্রে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে নেপাল। ওদিকে, এই তিন অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসা ভারত এ মানচিত্র প্রত্যাখ্যান করে বলেছে, এর কোনো ঐতিহাসিক ভিত্তি এবং প্রমাণ নেই।
তবে নেপালের আইনমন্ত্রী শিব মায়া বলছেন, “ আমাদের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। আমরা ভারতের সঙ্গে বসে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এই বিরোধ নিষ্পত্তি করব।”
মে মাসেই ভারতের এলাকা নিজেদের দাবি করে বিতর্ক উস্কে দিয়েছিল নেপাল। দু’পক্ষের মধ্যে বিরোধ শুরু হয় গত ৮মে৷
ওই দিন ভারত উত্তরাখণ্ডে ৮০ কিলোমিটার দীর্ঘ তাওয়াঘাট-লিপুলেখ সড়ক উদ্বোধন করেছিল তিব্বত সীমান্তে। তিব্বতের মানস সরোবর পর্যন্ত হিন্দুদের তীর্থযাত্রা সুগম করা এবং যাত্রাপথের সময় বাঁচাতে এ লম্বা সড়ক তৈরি করে ভারত।
কিন্তু নেপাল বলছে, ওই সড়ক তাদের ভূখণ্ডের মধ্যে দিয়ে গেছে৷ কারণ, ওই এলাকায় আছে একটি নদী। ১৮১৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নেপালের চুক্তির আওতায় ওই নদীর একাংশ নেপালের। এরপরই নেপাল নতুন মানচিত্র তৈরি করে।
গত ১৮ মে নেপাল এই নতুন মানচিত্র প্রকাশ করে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে তাদের বলে দাবি করে। তিনটি এলাকাই উত্তরাখণ্ডে পড়ে বলে দাবি ভারতের৷
কিন্তু ভারতের আপত্তি অগ্রাহ্য করে নেপালের মন্ত্রিসভা এক বৈঠকে ওই তিন এলাকা নিয়ে নতুন মানচিত্রের অনুমোদন দেয়।নতুন এ প্রশাসনিক মানচিত্র প্রকাশ্যে আসার পরই ভারতের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।
নেপাল সরকারের এমন পদক্ষেপ যুক্তিসঙ্গত নয় বলে প্রতিবাদ জানায় ভারত সরকার। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তিনটি অঞ্চল নেপালের- এ দাবিতেই অটল থাকেন এবং ‘ভারতের দখলে’ থাকা এ এলাকাগুলোকে ফিরিয়ে আনার দৃঢ়সংকল্প নেন।
