‘ভোট কিনেছেন’ সন্দেহে স্ত্রীসহ জাপানের সাবেক মন্ত্রী গ্রেপ্তার
ভোট কিনেছেন সন্দেহে জাপানের একজন সাবেক বিচারমন্ত্রী ও তার পার্লামেন্ট সদস্য স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ এই দুই রাজনীতিককে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে বলে জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে।
এ ঘটনা পড়তি জনপ্রিয়তা নিয়ে চাপে থাকা আবের জন্য ‘বড় একটি আঘাত’ বলে জানিয়েছে জাপানের রাজনীতি বিশ্লেষকরা।
করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় অদক্ষতা, অ্যাটর্নি জেনারেলের অবসরের বয়সসীমা বাড়ানোর উদ্যোগ এবং পর্যটন ও অপেক্ষাকৃত ছোট কোম্পানিগুলোর বিষয়ে সরকারের কর্মসূচী নিয়ে প্রশ্ন ওঠায় সম্প্রতি আবের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে বলে মনে করছেন সমালোচকরা।
জাপানি গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, সাবেক বিচারমন্ত্রী কাতসুইউকি কাওয়াই ও পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্য তার স্ত্রী আনরি কাওয়াই ২০১৯ সালের উচ্চ কক্ষের নির্বাচনের আগে প্রায় ১০০ জনকে নগদ লাখ লাখ ইয়েন দেয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে তদন্তকারী কৌঁসুলিদের সন্দেহ।
ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আনরি কাওয়াই উচ্চ কক্ষের একটি আসনে জয়লাভ করেছিলেন।
স্ত্রীর নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর গত অক্টোবরে মন্ত্রির দায়িত্ব থেকে সরে দাঁড়ান কাতসুইউকি। মন্ত্রী হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী আবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন।
“বিবেকের আলোকে লজ্জাজনক ও আইনবিরুদ্ধ কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে আমি কখনোই জড়াইনি,” বুধবার কাতসুইউকি এমনটি বলেছেন বলে তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা কিয়োদো।
আনরিও ভোট কেনার কথা অস্বীকার করেছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
পার্লামেন্টের অধিবেশন চলাকালে আইপ্রণেতাদের গ্রেপ্তার করা যায় না বিধায় বুধবার তা শেষ হওয়ার পর এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রের গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী আবের জনপ্রিয়তা আরও হ্রাস পাবে বলে মনে করছেন জাপানের রাজনীতি বিশ্লেষকরা।
