২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুকসের মৃত্যু: পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন

যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি ফাস্ট ফুড রেস্তোরাঁর পার্কিং লটে কৃষ্ণাঙ্গ রেইশার্ড ব্রুকসকে গুলি করে মারার ঘটনায় পুলিশের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ‘গুরুতর অপরাধের মাধ্যমে হত্যার’ অভিযোগ আনা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jun 2020, 11:00 AM

Updated : 10 Oct 2022, 07:14 PM

একই ঘটনায় জড়িত আরেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কম গুরুতর অভিযোগ আনা হয়েছে বলে জর্জিয়া রাজ্যের ফুলটন কাউন্টির সরকারি আইনজীবী জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত আফ্রিকান-আমেরিকানদের দীর্ঘ সারির আরেকটি নাম রেইশার্ড ব্রুকস। ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর দুই সপ্তাহ পর ১২ জুন পুলিশের গুলিতে ব্রুকসের মৃত্যু হয়।

ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ শুরু হয়। তীব্র প্রতিবাদের মুখে যুক্তরাষ্ট্র যখন বর্ণবাদ ও পুলিশি বর্বরতা নিয়ে আত্মানুসন্ধানে রত তখনই আটলান্টায় ব্রুকসের মৃত্যুর ঘটনা ঘটে। এতে বর্ণবাদ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ আরও তীব্র হয়ে উঠেছে।

ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নী পল হাওয়ার্ড বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনার সময় শ্বেতাঙ্গ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্রুকস কখনোই নিজেকে হুমকি হিসেবে উপস্থাপন করেননি, তাদের প্রতি আক্রমণাত্মক কোনো আচরণও দেখাননি, তাদের মৃত্যু অথবা গুরুতর জখম করার মতো তাৎক্ষণিক কোনো হুমকিও হয়ে উঠেননি।

ফুলটন কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তর থেকে দেওয়া ময়নাতদন্তের প্রতিবেদনে তিন সন্তানের জনক ২৭ বছর বয়সী ব্রুকসের পেছন দিকে দুটি গুলি লেগেছিল উল্লেখ করে বলা হয়, এর কারণে রক্তক্ষরণ ও দেহের ভিতরের অঙ্গ জখম হয়ে তার মৃত্যু হয়েছে। এই প্রতিবেদনে ব্রুকসের মৃতুকে ‘হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করা হয়।

Image
অভিযোগ প্রমাণিত হলে গ্যারেট রল্ফের মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড হতে পারে। ছবি: রয়টার্স

অভিযোগ প্রমাণিত হলে গ্যারেট রল্ফের মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড হতে পারে। ছবি: রয়টার্স

যে পুলিশ কর্মকর্তা ব্রুকসকে গুলি করেছিলেন এবং ওইদিন তিনি কী করেছিলেন নজরদারি ভিডিওতে তা প্রকাশ পাওয়ার পর, গ্যারেট রল্ফ নামের ওই কর্মকর্তাকে বরখাস্ত করে আটলান্টা পুলিশ।

বরখাস্ত রল্ফের বিরুদ্ধে গুরুতর অপরাধের মাধ্যমে হত্যা, মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ ও তার দাপ্তরিক শপথ ভঙ্গসহ ১১টি অভিযোগ আনা হয়েছে বলে অ্যাটর্নী হাওয়ার্ড জানিয়েছেন।

অভিযোগ প্রমাণিত হলে রল্ফের মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড হতে পারে বলে জানান তিনি।

ঘটনাস্থলে রল্ফের সঙ্গে থাকা অপর পুলিশ কর্মকর্তা ডেভিন ব্রসনানের বিরুদ্ধে পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলা ও তার দাপ্তরিক শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

ওই ঘটনার পর থেকে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্রসনান তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছেন বলে হাওয়ার্ড জানান। 

রল্ফ ও ব্রসনানের বিরুদ্ধে গঠন করা অভিযোগে সন্তোষ প্রকাশ করেছেন নিহত ব্রুকসের স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা।