২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারী সামালে যুক্তরাষ্ট্রের চেয়ে সফল চীন: জরিপ

কোভিড-১৯ মহামারী সামাল দেওয়ায় যুক্তরাষ্ট্রের চেয়ে চীনই বেশি সফল বলে মনে করে বিশ্বের বেশিরভাগ মানুষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jun 2020, 09:23 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘অ্যালায়েন্স অব ডেমোক্রেসিজ ফাউন্ডেশন’ পরিচালিত এক জরিপে সোমবার এ তথ্য বেরিয়ে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশেরও বেশি মানুষ মনে করে, চীন মহামারী ভালভাবে সামাল দিয়েছে। আর মাত্র এক-তৃতীয়াংশ মানুষ মনে করে যুক্তরাষ্ট্র ভালভাবে করোনাভাইরাস মোকাবেলা করেছে।

‘অ্যালায়েন্স অব ডেমোক্রেসিজ ফাউন্ডেশন’ এবং জার্মান জরিপ প্রতিষ্ঠান ডালিয়া রিসার্চ ৫৩টি দেশের প্রায় ১২০,০০০ মানুষের ওপর এ জরিপ চালিয়েছে।

এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে জরিপে অংশ নেওয়াদের অর্ধেকের কিছু বেশি মানুষ মনে করে তাদের দেশের সরকার ভালভাবে মহামারী সামাল দিয়েছে।

অন্যদিকে, মহামারী সামাল দেওয়ায় সরকারের গৃহীত পদক্ষেপে জনগণের সন্তুষ্টি দেখা গেছে গ্রিস, তাইওয়ান, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ডেনমার্কেও।

এসব দেশের অধিকাংশ মানুষই মনে করে তাদের সরকার ভালভাবে সংকট সামাল দিয়েছে। আর  ব্রাজিল, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যর মানুষ মনে করে তাদের সরকার সংকট ভালভাবে সামাল দিতে পারেনি।।

জরিপে এও দেখা গেছে, গণতান্ত্রিক দেশগুলোতে ৪৫ শতাংশ মানুষই মনে করে মহামারীর এ সময়ে সরকার তাদের স্বাধীনতা খুব বেশিমাত্রায় সীমিত করে ফেলেছে।

‘অ্যালায়েন্স অব ডেমোক্রেসিজ ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান সাবেক নেটো মহাসচিব অ্যান্ডার্স রাসমুসেন বলেন, কোভিড-১৯ গণতন্ত্রের জন্যও একটি অগ্নিপরীক্ষা।