২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শতাধিক আটক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সহিংস ডানপন্থি বিক্ষোভকারীরা আইনপ্রয়োগকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর শতাধিক লোককে আটক করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 02:43 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

শনিবার কয়েক হাজার লোক লন্ডনের কেন্দ্রস্থলে জড়ো হয়ে তারা ভাস্কর্য রক্ষা করছে বলে দাবি করে, এদের মধ্যে কিছু উগ্র-ডানপন্থি সংগঠনের কর্মীও ছিল, তারা বিক্ষোভ করার একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায় বলে জানিয়েছে বিবিসি। 

বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের হাত থেকে ভাস্কর্যগুলোকে সুরক্ষিত রাখতে যুক্তরাজ্যের বিভিন্ন উগ্র-ডানপন্থি সংগঠনের কর্মীরা আগেই লন্ডনে জড়ো হওয়ার ঘোষণা দিয়ে রেখেছিল।

এদিন নগরীর কেন্দ্রস্থলে হোয়াইটহলের ওয়ার মেমোরিয়ালের আশপাশে ও পার্লামেন্ট স্কয়ারে অবস্থিত উইনস্টন চার্চিলের মূর্তির কাছে তারা জড়ো হয়। এদের বেশিরভাগই ছিল শ্বেতাঙ্গ।

গত সপ্তাহে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরা চার্চিলের মূর্তিতে ‘ওয়াজ এ রেসিস্ট’ কথাটা লিখে দিয়েছিল।

উগ্র-ডানপন্থিদের একটি বড় দল লন্ডনের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ দেখায় ও এক পর্যায়ে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পুলিশের দিকে পাথর, বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারার পাশাপাশি পুলিশ সদস্যদের লাথি-ঘুষিও মেরেছেন।  

তাদের হামলায় ছয় পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এক বিবৃতিতে দুই পুলিশ সদস্যসহ ১৫জনকে সেবা দেয়ার কথা জানিয়েছে।

“এদের মধ্যে ৬ বেসামরিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,” বলেছে তারা।

পুলিশের উপর হামলার এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

“আমাদের সড়কগুলোতে বর্ণবাদী হিংস্রতার স্থান নেই,” বলেছেন তিনি।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, তারা সহিংস বিশৃঙ্খলা, পুলিশের উপর হামলা, আগ্নেয়াস্ত্র বহন, শান্তি নষ্ট, মাতলামিজনিত বিশৃঙ্খলা এবং মাদক বহনের অপরাধে বহু লোককে আটক করেছে।

যুক্তরাজ্যের প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতা কেইর স্টার্মার পুলিশের উপর হামলার ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

“লন্ডনের বিক্ষোভে নেতৃত্বদানকারীদের উদ্দেশ্যই ছিল সহিংসতা সৃষ্টি ও তাদের দিক থেকে বিভক্তির বীজ বপন,” টুইটে লিখেছেন তিনি।

মেট্রোপলিটন পুলিশ ফেডারেশনও টুইটারে পুলিশের ওপর হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ অভিহিত করেছে।

পুলিশ জানিয়েছে, তারা ২০১৭ সালে ওয়েস্টমিনিস্টারে এক হামলার ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা পিসি কেইথ পালমারের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে এক ব্যক্তিকে মূত্রত্যাগ করতে দেখার ঘটনার তদন্ত শুরু করেছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল পিসি পালমারের স্মৃতিস্তম্ভের ‘অবমাননা’ করার নিন্দা জানিয়েছেন। এ ঘটনা ‘চূড়ান্ত লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।   

শনিবার বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীরাও লন্ডনসহ যুক্তরাজ্যের অন্যান্য শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।