করোনাভাইরাস: ভারতে শনাক্ত ৩ লাখ ছাড়াল
ভারতে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে শনাক্ত মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।
এ আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত ৮ হাজার ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন এক লাখ ৫৪ হাজার ৩২৯ জন।
শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ১১ হাজার ৪৫৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।
একই সময়ে করোনাভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও ৩৮৬ জনের।
দেশটিতে মোট শনাক্ত আক্রান্তের এক তৃতীয়াংশই মিলেছে মহারাষ্ট্রে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে শনিবার সকাল পর্যন্ত এক লাখ এক হাজার ১৪১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
তামিল নাডুতেও শনাক্ত আক্রান্ত ৪০ হাজার পেরিয়ে গেছে। রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৬ হাজার।
নতুন করোনাভাইরাসে ভারতের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে মহারাষ্ট্রে। তিন হাজার ৭১৭ জনের। ভাইরাস গুজরাটে এক হাজার ২১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। দিল্লি, পশ্চিমবঙ্গে মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
শতকোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত ভারতে লকডাউন শিথিল হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই শনাক্ত আক্রান্ত আগের দিনের রেকর্ড ছাড়িয়েছে।
আনন্দবাজার জানিয়েছে, ৩০ জানুয়ারি কেরালায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর শনাক্ত আক্রান্ত লাখ ছাড়াতে সময় লেগেছিল ১১০ দিন।
এক লাখ থেকে দুই লাখে যেতে লাগে ১৫ দিন। পরের এক লাখ শনাক্ত হল মাত্র দেড় সপ্তাহে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনাক্ত আক্রান্ত দুই লাখ থেকে তিন লাখে পৌঁছেছে ১০ দিনে।
সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে চার লাখে পৌঁছাতে আরও কম সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কঠোর লকডাউন থাকায় ভারতে মার্চ ও এপ্রিল মাসে সংক্রমণের গতি ছিল শ্লথ। বিধিনিষেধ শিথিলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত-মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) পরিচালক রণদীপ গুলেরিয়া বলেছেন, তাদের হিসাবে ভারতের সংক্রমণের শিখরে পৌঁছাতে আরও দুই থেকে আড়াই মাস সময় লাগবে।
এমন সংকটাপন্ন সময়ে লকডাউন শিথিল করে সরকারি-বেসরকারি অফিস, যানবাহন, দোকানপাট খুলে দেয়ায় বিরোধী দলগুলো বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে।
সংক্রমণের এ ঊর্ধ্বগতির সময় বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত বিপর্যয় আরও বাড়িয়ে দেবে’ বলেছে তারা।
