২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঔপনিবেশিক-যুগের ক্যাপ্টেনের মূর্তি সরাল নিউ জিল্যান্ড

বিশ্বব্যাপী বর্ণবাদ বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে ঔপনিবেশিক যুগের ব্রিটিশ ক্যাপ্টেন জন হ্যামিলটনের মূর্তি সরিয়ে নিয়েছে নিউ জিল্যান্ডের হ্যামিলটন শহরের সিটি কাউন্সিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jun 2020, 09:25 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

১৮৬০ এর দশকে ব্রিটিশ নৌবাহিনীর এই কমান্ডারের বিরুদ্ধে মাওরি আদিবাসীদেরকে হত্যার অভিযোগ আছে।

এক মাওরি নেতা জন ফেন চার্লস হ্যামিলটনের ব্রোঞ্জের মূর্তিটি টেনে নামানোর হুমকি দেওয়ার পরদিনই সিটি কাউন্সিল সেটি নামিয়ে ট্রাকে করে সরিয়ে নিয়েছে।

নিউ জিল্যান্ডের হ্যামিলটন শহরের নাম রাখা হয়েছিল ক্যাপ্টেন হ্যামিলটনের নামেই। ২০১৩ সালে তার মূর্তিটি উপহার হিসাবে পেয়েছিল সিটি কাউন্সিল।

যুক্তরাষ্ট্রে কৃষ্নাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে ঘিরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনে অনেক দেশেই শহরে শহরে বিক্ষোভকারীদের রোষে পড়ছে ঔপনিবেশিক যুগের এই সমস্ত মূর্তি এবং দাস ব্যবসায়ীদের ভাস্কর্য।

ফ্লয়েড গত ২৫ মে এক শ্বেতাঙ্গ পুলিশের হাটুর চাপে দমবন্ধ হয়ে মারা যান। মৃত্যুর ঘটনার সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে।

অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে মানুষ ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানানোর পাশাপাশি নিজ নিজ দেশের আদিবাসীদের ওপর ইউরোপীয় ঔপনিবেশিক প্রভুদের নিপীড়ন-বর্বরতার বিরুদ্ধেও সরব হয়েছে।