২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক আদালতের কর্মীদের উপর নিষেধাজ্ঞায় অনুমোদন ট্রাম্পের

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যে কর্মীরা আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ তদন্তে নিয়োজিত তাদের উপর ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিতে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 03:52 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তার এ আদেশের ফলে দেওয়া নিষেধাজ্ঞাগুলোতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আইসিসির কর্মী, তাদের সাহায্য করা ব্যক্তি কিংবা যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া দেশটির কোনো নাগরিকের বিচারে সহযোগিতাকারীদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত হতে পারে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না, বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। 

তিনি আইসিসিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলেও অ্যাখ্যা দিয়েছেন।

“তাদের হুমকি মেনে নিতে পারি না আমরা। বিশ্বে আমাদের যারা মিত্র, বিশেষ করে নেটো সদস্য দেশগুলো, যারা আফগানিস্তানে আমাদের সঙ্গে মিলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়েছে, তাদের প্রতি একটি বার্তা দিতে চাই আমি। আমাদের পর আপনাদের লোকেরা আন্তর্জাতিক অপরাধ আদালতের লক্ষ্যবস্তু হতে পারে,” বলেছেন পম্পে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন।

দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, রাশিয়া হেগভিত্তিক আন্তর্জাতিক আদালতকে তাদের উদ্দেশ্য সাধনে ব্যবহার করছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে আইসিসি। ওয়াশিংটনের পদক্ষেপকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণের ‘সর্বশেষ নজির’ বলেও অভিহিত করেছে তারা।

পম্পেও নেটো সদস্য রাষ্ট্রগুলোকে পাশে চাইলেও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্তেফ ব্লক ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে ‘চরম বিরক্তি’ প্রকাশ করেছেন। 

মার্চে আইসিসি আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাহিনীর যুদ্ধাপরাধের তদন্ত চালানোর পক্ষে রায় দিয়েছিল।

আন্তর্জাতিক এ আদালতের কৌঁসুলি ফাতোও বেনসৌদা ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তান যুদ্ধে জড়িত মার্কিন সেনা, আফগান সরকারি বাহিনী এবং তালেবান জঙ্গিসহ সব পক্ষের নৃশংসতার অভিযোগ তদন্ত করে দেখার আবেদন জানিয়েছিলেন।

গত বছর তার ওই আবেদন আইসিসি খারিজ করে দিলে বেনসৌদা আপিল করেছিলেন। মার্চে ওই আপিলের রায়ে তদন্ত চালানোর অনুমতি মেলে।