থাইল্যান্ডে ২ রেস্তোরাঁ মালিককে ১৪৪৬ বছর করে কারাদণ্ড
থাইল্যান্ডে ক্রেতাদের সঙ্গে প্রতারণার দায়ে এক রেস্তোরাঁর দুই মালিকের প্রত্যেককে এক হাজার ৪৪৬ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
গত বছর লেইমগেট সিফুড নামের একটি রেস্তোরাঁ অনলাইনে আগাম মূল্য পরিশোধের বিনিময়ে বিভিন্ন ধরনের ফুড ভাউচার বিক্রি শুরু করে, বাজারে প্রচলিত মূল্যের চেয়ে এসব ভাউচারে খাবারের মূল্য কম থাকায় অনেক ক্রেতা সেগুলো সংগ্রহ করেন।
একটি ভাউচারে ১০ জনের জন্য সামুদ্রিক খাবারের মূল্য ৮৮০ বাথ (২৮ ডলার) রাখা হয়েছিল যা সচরাচর মূল্য থেকে অনেক কম ছিল।
২০ হাজার ক্রেতা ৫ কোটি বাথ (১৬ লাখ ডলার) সমমূল্যের ভাউচার কিনেছিলেন বলে দেশটির গণমাধ্যম থাই পিবিএসের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
প্রথমদিকে ভাউচার ক্রেতাদের অনেকে ওই রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়ে আসেন। কিন্তু দীর্ঘ অপেক্ষমাণ তালিকা থেকে বোঝা যাচ্ছিল এ প্রক্রিয়ায় বেশ কয়েক মাস লেগে যাবে।
কিন্তু চলতি বছরের মার্চে ওই রেস্তোরাঁ বন্ধ করার ঘোষণা দিয়ে পরিচালনাকারী কোম্পানি লেইমগেট ইনফিনিটি জানায়, তারা চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত সামুদ্রিক খাবার মজুদ করে রাখতে পারছে না।
থাই পিবিএসের খবর অনুযায়ী, বাকি ভাউচার ক্রেতাদের অর্থ পরিশোধ করার প্রস্তাব দেয় তারা এবং অভিযোগ জানানো ৮১৮ জন ক্রেতার মধ্যে ৩৭৫ জনের টাকা ফেরত দেয়।
বাকি যারা টাকা ফেরত পায়নি তারা লেইমগেট ইনফিনিটি ও এর দুই মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে মামলা ঠুকে দেয়।
এরকম কয়েকশত মামলা হওয়ার পর পুলিশ দুই মালিক আপিচাট বোউওর্নবাচারাক ও প্রাপাসর্ন বোউওর্নবানচাককে গ্রেপ্তার করে। মিথ্যা বার্তা দিয়ে জনগণকে প্রতারণা করাসহ তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়।
মোট ৭২৩টি অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে বুধবার রায় ঘোষণা করে আদালত। তারা দোষ স্বীকার করায় উভয়ের সাজার মেয়াদ ১৪৪৬ বছর থেকে অর্ধেক কমিয়ে ৭২৩ বছর করে আদালত।
তাদের কোম্পানি লেইমগেট ইনফিনিটিকে ১৮ লাখ বাথ জরিমানা করা হয় এবং দুই মালিক ও কোম্পানিকে প্রতারিত ক্রেতাদের ২৫ লাথ বাথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।
তবে থাইল্যান্ডের আইনে জালিয়াতির দায়ে সর্বোচ্চ সাজা ২০ বছর কারাবাস হওয়ায় ওই দুই মালিককে সর্বোচ্চ ২০ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
থাইল্যান্ডে প্রতারণা মামলার সংখ্যার ভিত্তিতে রায় দেওয়ার কারণে সাজার মেয়াদ এতো দীর্ঘ হয় বলে জানিয়েছে বিবিসি। এর আগে ২০১৭ সালে প্রতারণার আরেক ঘটনায় দোষীকে ১৩ হাজার বছর কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত।
