২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের আদেশে ফের বিস্তারিত কোভিড-১৯ তথ্য দিচ্ছে ব্রাজিল

ব্যাপক সমালোচনা ও সুপ্রিম কোর্টের আদেশের পর সরকারি ওয়েবসাইটে কোভিড-১৯ শনাক্ত হওয়া আক্রান্ত ও মৃত্যুর বিস্তারিত তথ্য আবার দিতে শুরু করেছে ব্রাজিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jun 2020, 05:41 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

সংক্রমণের শুরু থেকে অঞ্চলভেদে প্রতিদিনের আক্রান্ত-মৃত্যু এবং এ সংক্রান্ত মোট পরিসংখ্যানের বদলে গত শনিবার থেকে দেশটির ‘কোভিড ডট সাউদে ডট গভ ডট বিআর’ সরকারি সাইটে কেবল সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব দেওয়া হচ্ছিল।

এ ঘটনায় ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। মহামারীর ভয়াবহতা লুকাতেই সরকার ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সরিয়ে নিয়েছে বলে অভিযোগও ওঠে। 

সুপ্রিম কোর্ট পরে ওয়েবসাইটে বিস্তারিত তথ্য ফেরানোর আদেশ দিলে মঙ্গলবার থেকে সরকারি ওই সাইটে আগের মতোই শনাক্ত হওয়া মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার পাশাপাশি অঞ্চলভেদে সংক্রমণের বিস্তারিত তথ্য দেখা গেছে।   

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় গত সপ্তাহ থেকেই ওয়েবসাইটের তথ্য সরিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর খবর দিচ্ছিল দেরি করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে নেওয়ার সমালোচনা করে বলেছিলেন, সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য দেখে কারও পক্ষেই ব্রাজিলে করোনাভাইরাসের ভয়াবহতার পুরো চিত্র জানতে পারা সম্ভব নয়।

পরে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংক্রমণের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে ফের প্রকাশ করার নির্দেশ দেন। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে মোরায়েসের বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে মোরায়েস বলেন, ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে নেওয়ার সরকারি পদক্ষেপের ফলে ভাইরাসের সংক্রমণ পর্যবেক্ষণ করে তা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেওয়া ‘অসম্ভব’ হয়ে পড়েছে।

অন্যদিকে, টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার এক বৈঠকে ব্রাজিলের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী এদুয়ার্দো পাজুয়েলো বলেন, সংখ্যায় কারচুপি করার উদ্দেশ্যে ওয়েবসাইট থেকে ওই তথ্য সরানো হয়নি।

ভাইরাস সংক্রমণের হিসাবে ব্রাজিলের অবস্থান এখন বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয়। আর মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাজিলের সরকারি ওই ওয়েবসাইটে গত ২৪ ঘন্টায় ৩২,০৯১ জনের ভাইরাস শনাক্ত হওয়া এবং ১,২৭২ জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭৩৯,৫০৩ জন এবং মোট মৃত্যু ৩৮,৪০৬ বলে জানানো হয়েছে।

কোভিড-১৯: ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য সরিয়ে ফেলল ব্রাজিল  

দেশটির ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো শুরু থেকেই নতুন করোনাভাইরাসকে ‘হালকা করে দেখেছিলেন’ বলে সমালোচকরা অভিযোগ করে আসছেন।

বোলসোনেরো প্রথমদিকে প্রাণঘাতী এ ভাইরাসকে ‘সামান্য ফ্লু’ বলে অভিহিত করেছিলেন। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন অঙ্গরাজ্যে জারি করা বিধিনিষেধ প্রত্যাহারে গভর্নরদেরকে চাপও দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’ মন্তব্য করে তার দেশ আন্তর্জাতিক এ সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে বলেও হুঁশিয়ারি দেন।

ওদিকে, অর্থনীতি ফের সচল করতে সামাজিক দূরত্ব বিধি শিথিল করা ব্রাজিলের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য সাও পাওলোর স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড গড়ার তথ্য জানিয়েছে।

মৃত্যু সংখ্যায় এ উল্লম্ফনের পরও অঙ্গরাজ্যের রাজধানী সাও পাওলোর মেয়র বুধবার থেকে সব দোকানপাট ৪ ঘণ্টার জন্য খোলার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার থেকে শহরটির শপিংমলগুলোও খুলছে।

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেইরো দর্শক ছাড়া ফুটবল ম্যাচের অনুমতিসহ লকডাউন ধীরে ধীরে শিথিলের পথে অগ্রসর হলেও সোমবার এক বিচারক জরুরি পরিষেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ করে বিধিনিষেধ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

 রিও ডি জেনেইরোতেও এরই মধ্যে কোভিড-১৯ এ ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।