২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত লেখা ছেপে ‘নিউ ইয়র্ক টাইমস’র সাংবাদিকের পদত্যাগ

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা নিয়ে টালমাটাল যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষ সমর্থনে এক রিপাবলিকান সিনেটরের বিতর্কিত লেখা ছাপিয়ে তোপের মুখে পদত্যাগ করেছেন ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার মতামত বিভাগের সম্পাদক জেমস বেনেট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 09:22 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

‘সেন্ড ইন দ্য ট্রুপস' শিরোনামে বর্ণবাদবিরোধী আন্দোলন দমনে সেনা মোতায়েনের প্রস্তাব দিয়ে  নিবন্ধ লিখেছিলেন আরকানস’র রিপাবলিকান সিনেটর টম কটন।

প্রেসিডেন্ট ট্রাম্প সেনা মোতায়েন করে বিক্ষোভ দমনের যে হুমকি দিয়েছিলেন, তা-ই কটন সমর্থন করেছেন তার নিবন্ধের মূল বক্তব্যে।

গত ৩ জুন নিবন্ধটি প্রকাশের পর থেকেই তীব্র সমালোচনা শুরু হয়। বার্তাকক্ষেও দেখা দেয় ক্ষোভ, ওঠে প্রতিবাদের ঝড়। এর মুখেই জেমস বেনেটকে সরে দাঁড়াতে হল।

তার পদত্যাগের খবর এক বিবৃতিতে জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস এর প্রকাশক এজি সুলজবার্গার। মতামত পাতার উপ-সম্পাদক জিম ডাও সরে যাচ্ছেন বলেও জানানো হয় বিবৃতিতে।

এতে বলা হয়, ডাওকে অন্য একটি পদের দায়িত্ব দেওয়া হবে। আর ভারপ্রাপ্ত মতামত সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন কেটি কিংসবারি।

বিবিসি জানায়, শুরুতে পত্রিকাটি রিপাবলিকান সিনেটর টম কটনের নিবন্ধ ছাপানোর পক্ষ নিলেও পরে অবস্থান বদল করে জানায়, “এ নিবন্ধ নিউ ইয়র্ক টাইমস এর মানের সঙ্গে যায় না।'

নিবন্ধটি প্রকাশ করাকে ঘিরে জনরোষ এবং বার্তাকক্ষে শোরগোলের মুখেই পত্রিকার এ অবস্থান পরিবর্তন। কটনের লেখাটি ছাপা হওয়ার পরদিন অনেক সাংবাদিকই প্রতিবাদ জানিয়ে কাজে যোগ দেননি।

২০১৬ সাল থেকে নিউ ইয়র্ক টাইমসের মতামত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা জেমস বেনেট পরে স্বীকারোক্তি দিয়ে বলেন যে, লেখাটি প্রকাশের আগে তিনি তা পড়ে দেখেননি।

তাছাড়া, লেখাটি ভালভাবে সম্পাদনা করা হয়নি, এতে তথ্যগত ত্রুটি ছিল, অনাবশ্যকভাবে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছিল এবং লেখাটি ছাপা উচিত হয়নি উল্লেখ করে বেনেট এর জন্য ক্ষমাও চান।

পুলিশের নিপীড়নে কৃষ্নাঙ্গ ফ্লয়েডের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের মধ্যে নিবন্ধটি প্রকাশ করা হয়েছিল। পরে আটশ’রও বেশি সাংবাদিক এর নিন্দা জানিয়ে একটি চিঠিতে সই করেন।

টুইটারে এক পোস্টে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক নিকোল হান্নাহ-জোনস লেখেন, “এমন  নিবন্ধ পত্রিকায় প্রকাশের জন্য একজন কৃষ্ণাঙ্গ নারী ও সাংবাদিক হিসেবে আমি ভীষণভাবে লজ্জিত।”

প্রেসিডেন্ট ট্রাম্প এমাসের শুরুর দিকে বলপ্রয়োগ করে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দমন করা এবং সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিলে প্রতিরক্ষামন্ত্রীসহ সাবেক কয়েকজন সামরিক কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এর নিন্দা করেছিলেন।

এ পরিস্থিতির মধ্যে সেনা হস্তক্ষেপের ডাক দিয়ে নিউ ইয়র্ক টাইমসে লেখা টম কটনের নিবন্ধ ব্যাপক ক্ষোভের কারণ হয়েছে।

পুরনো খবর:

ট্রাম্প আমাদের বিভক্ত করার চেষ্টা করছেন: জেমস ম্যাটিস
যুক্তরাষ্ট্রজুড়ে বিশাল বর্ণবাদ বিরোধী বিক্ষোভ
বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের বিরোধিতায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী