২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণাঙ্গ হত্যা: মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে কৃষ্নাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার পর মিনিয়াপোলিস সিটি কাউন্সিল স্থানীয় পুলিশ বিভাগ ভেঙে দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন উপায় বের করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jun 2020, 03:49 PM

Updated : 08 Apr 2022, 12:54 AM

রোববার কাউন্সিলের ১৩ সদস্যের মধ্যে ৯ জনই শহরটিতে বর্ণবাদের অভিযোগ ওঠা পুলিশি ব্যবস্থায় অর্থ বরাদ্দ বন্ধ করা এবং তা ভেঙে দিয়ে নতুন মডেলের জননিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত জানিয়েছেন।

সিটি কাউন্সিলের সদস্য জেরেমিয়াহ এলিস টুইটারে বলেছেন, “আমরা মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ভেঙে দেব। এরপর কীভাবে জননিরাপত্তা ও জরুরি প্রয়োজনে সাড়া দেওয়া যায় তা নতুন করে ভেবে দেখব।”

ওদিকে, মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সভাপতি লিসা বেন্ডার সিএনএন’কে বলেন, “মিনিয়াপোলিস শহরে প্রচলিত পুলিশ ব্যবস্থা ভেঙে দেওয়া এবং সমাজে জননিরাপত্তার নতুন ব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। যে ব্যবস্থা আসলেই মানুষকে নিরাপদ রাখবে।”

কারণ তিনি বলেন,“এটি পরিষ্কার যে, মিনিয়াপোলিসসহ যুক্তরাষ্ট্রের শহরগুলোতে বিদ্যমান পুলিশ ও জননিরাপত্তা ব্যবস্থা আমাদের সম্প্রদায়কে নিরাপদ রাখতে পারছে না।”

বেন্ডার জানান, কাউন্সিল এখনও পুলিশ বাহিনীর তহবলি বন্ধ করা বা পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু করেনি। কিন্তু সংখ্যাগরিষ্ঠ সদস্য এ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ থেকে পুলিশ বিভাগে তহবিল বন্ধের দাবি উঠেছে অনেকদিন আগে থেকেই। ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে এর প্রতি জনসমর্থন আরো বাড়ছে।

নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের নির্বাচিত কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক পরিষেবাগুলোতে ব্যয় বৃদ্ধি করতে পুলিশের বাজেট কমাবেন তারা।