ডেমোক্রেট বাইডেনকে সমর্থন রিপাবলিকান কলিন পাওয়েলের
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী প্রতিবাদের মুখে দেশটির অনেক রিপাবলিকান ও সামরিক নেতা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করছেন, এবার পাওয়েলও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের অধীনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা পাওয়েল, ট্রাম্প ‘সব সময় মিথ্যা কথা বলেন’ ও তিনি যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ‘সরে গেছেন’ বলে অভিযোগ করেছেন।
১৯৯১ সালে ইরাকের বিরুদ্ধে উপসাগরীয় যুদ্ধে এই পাওয়েলই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনছেন বলেও মন্তব্য করেছেন সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা।
সিএনএনকে তিনি বলেন, “এ বছর আমি কোনোভাবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করতে পারবো না।”
২০১৬ সালেও তিনি ওই সময়ের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের পক্ষে ভোট দেননি বলে জানিয়েছেন।
পাওয়েলকে ‘অত্যন্ত বিরক্তিকর ব্যক্তি’ আখ্যা দিয়ে টুইটারে এর জবাব দিয়েছেন ট্রাম্প।
কৃষ্ণাঙ্গ নারী ও পুরুষদের বিরুদ্ধে পুলিশের সহিংসতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ, করোনাভাইরাস মহামারী ও তীব্র অর্থনৈতিক মন্দা- যুক্তরাষ্ট্র এই তিন সংকটে হাবুডুবু খাওয়ার মধ্যেই সমালোচনার তীর ধেয়ে আসছে ট্রাম্পের দিকে।
রিপাবলিকানরা সরাসরি ট্রাম্পের সমালোচনা করেছেন, এমনটি বিরল হলেও এখন তার ব্যতিক্রম ঘটতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের ক্ষেত্রেও এমনটি বলা যায়, সাধারণত রাজনীতি থেকে দূরে থাকা এই সামরিক আমলারাও ট্রাম্পের সমালোচকদের দলে ভিড়ছেন।
গত সপ্তাহে ট্রাম্পেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল জিম ম্যাটিস প্রেসিডেন্টের সমালোচনা করে তিনি দেশকে ‘সচেতনভাবে’ বিভক্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।
এরপর রিপাবলিকান সিনেটর মিট রমনি ম্যাটিসের বক্তব্যের প্রশংসা করেন।
পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া প্রতিবাদ বিক্ষোভ ও অস্থিরতা ট্রাম্প যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন, তার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মাইকেল মুলেন ও মার্টিন ডেম্পসি।
গত সপ্তাহে রিপাবলিকান সিনেটর লিসা মুরকাওস্কি বলেছেন, পুনর্নির্বাচনের জন্য ট্রাম্পের প্রতি সমর্থন জানাবেন কি না, তা নিয়ে ‘দ্বিধায়’ আছেন তিনি।
জর্জ ডব্লিউ. বুশ ট্রাম্পকে ভোট দিবেন না বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
