অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে প্রাণ গেল সার্ফারের
অস্ট্রেলিয়ার উত্তর নিউ সাউথ ওয়েলসে ৩ মিটার দীর্ঘ একটি সাদা হাঙরের আক্রমণে প্রাণ গেছে এক সার্ফারের।
রাজ্য পুলিশের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, সিডনি থেকে ৮০০ কিলোমিটার উত্তরে কিংসক্লিফের সল্ট বিচের কাছে রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হাঙরটি সার্ফারের বাঁ পায়ের উরুর অংশে কামড়ে মারাত্মক জখম করে। কয়েকজন সাহসী বোর্ড রাইডার হাঙরটিকে তাড়িয়ে পঞ্চাশোর্ধ্ব ওই সার্ফারকে সাহায্য করার চেষ্টা করেন।
তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসা সম্ভব হলেও পায়ের ক্ষতর কারণে বাঁচানো সম্ভব হয়নি।
এ বছর অস্ট্রেলিয়ার সৈকতে হাঙরের আক্রমণে তৃতীয় ঘটনা এটি। এর আগে জানুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ায় ৫৭ বছর বয়সী এক ডাইভার এবং এপ্রিলে গ্রেট বেরিয়ার রিফে ২৩ বছর বয়সী এক তরুণ হাঙরের আক্রমণে মারা যান।
সিডনি মর্নিং হেরাল্ড জানায়, হাঙরটিকে খুঁজতে পুলিশ সদস্যরা কয়েক ঘণ্টা ধরে সৈকতে খোঁজ চালান। কিন্তু তারা হাঙরটি মারতে পারেননি।
মানুষের জন্য হুমকি তৈরি করলে অস্ট্রেলিয়ায় পুলিশকে গুলি করে হাঙর মারার অনুমতি দেওয়া আছে।
