২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বর্ণবাদবিরোধী বিক্ষোভে আহত ১৪ পুলিশ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল হয়ে ওঠা বিশ্বে শনিবার লন্ডনে বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলাকালে ১৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jun 2020, 06:18 PM

Updated : 08 Apr 2022, 12:53 AM

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সার্ভিস কমিশনার ডিক রোববার এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের নিপীড়নে কৃষ্নাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভের ডাকে শনিবার লন্ডনে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। এসময় কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।

পুলিশ কমিশনার ডিক বিবৃতিতে বলেছেন, “গত সন্ধ্যায় লন্ডনের কেন্দ্রস্থলে কিছু বিক্ষোভকারী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সহিংস আচরণ করেছে। এতে ১৪ জন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় আমি খুবই ব্যথিত, হাতাশাগ্রস্ত।”

তাছাড়া, সপ্তাহের শুরুর দিকেও বিক্ষোভে ১৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবারের বিক্ষোভে ঘোড়া থেকে পড়ে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববারও বিক্ষোভের পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। পুলিশ কমিশনার ডিক বিক্ষোভকারীদেরকে রাস্তায় না নেমে প্রতিবাদ জানানোর অন্য উপায় অবলম্বনের আহ্বান জানিয়েছেন। রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি আছে বলে সতর্ক করেছেন তিনি।

গত ২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদ শুরু হয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ এখনো চলছে।