করোনাভাইরাসে আটকে পড়া অভিবাসী শ্রমিকের কষ্টগাথা
বাহরাইনে নির্মাণ শ্রমিকের কাজ করে গত চার বছরে যত উপার্জন করেছেন তার প্রায় অর্ধেক বাংলাদেশে বৃদ্ধ পিতা-মাতার জন্য পাঠিয়েছেন সাইফুল ইসলাম। কিন্তু বছরের শুরুতে করোনাভাইরাস মহামারীর কারণে ২৫ বছর বয়সী এই তরুণের যখন চাকরি চলে যায়, তখন দেশেও প্রিয়জনদের জীবনপ্রবাহ থেমে যায়।
সাইফুল সিএনএন বিজনেসকে বলেন, “এখন আমি যেহেতু দেশে টাকা পাঠাতে পারছি না আমার পরিবার ভোগান্তিতে পড়েছে। তারা খাবার কিনতে পারছে না; আমার বৃদ্ধ পিতা-মাতাও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। পরিবার বড় হওয়ায় আমি কোনো অর্থও জমাতে পারিনি।”
এই পরিস্থিতি শুধু সাইফুল ও তার পরিবারের একার নয়। করোনাভাইরাসের কারণে অচল অর্থনীতির কারণেই বিশ্বজুড়েই কাজ হারাচ্ছেন অভিবাসী শ্রমিকরা। অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থানের বড় উৎস নির্মাণের খাতের শিল্পগুলো বন্ধ রয়েছে। অভিবাসী শ্রমিকদের ওপর যেসব পরিবার নির্ভরশীল তারা এর করুণ পরিণতি ভোগ করছেন।
বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, করোনাভাইরাসের কারণে ২০২০ সালে বৈশ্বিক রেমিটেন্স ২০ শতাংশ কমবে, যার ফলে বিশ্বের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর আয়ের গুরুত্বপূর্ণ উৎসটি অন্তত ১০ হাজার কোটি ডলার হারাবে।
নিকট অতীতে প্রবাসী আয়ে এধরনের ধস দেখা যায়নি; বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পরে ২০১৯ সালে রেমিটেন্স ৫ শতাংশ কমেছিল।
বিশ্বব্যাংকের অভিবাসন ও প্রবাসী আয় বিষয়ক প্রধান অর্থনীতিবিদ দিলীপ রাঠা বলেন, “রেমিটেন্সে আমরা যে ধরনের পতন আশা করছি, তা ইতিহাসে অভূতপূর্ব।”
রাঠা বলেন, এই মহামারীর মানবিক পরিণতি অনেক অনেক বিস্তৃত। মানুষ খাবার কিনতে পারবে না, পরিবারের জীবনযাত্রা নিশ্চিত করতে পর্যাপ্ত রসদের যোগান দিতে পারবে না।
এই পরিস্থিতির কারণে রেমিটেন্সের উপর নির্ভরশীল উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হবে। উদাহরণ দিয়ে বিশ্ব ব্যাংক বলেছে, হাইতি, দক্ষিণ সুদান ও টোঙ্গার মতো ছোট অর্থনীতির দেশগুলোর জিডিপির তিন ভাগের এক ভাগই আসে রেমিটেন্স থেকে।
রাঠা বলেন, বাস্তবে উন্নয়নশীল দেশগুলোর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস এটা। যে দেশ যত বেশি দরিদ্র যত বেশি ছোট, তত বেশি নাজুক ও ততবেশি প্রবাসী আয়ের উপর নির্ভরশীল।”
বিশ্বজুড়ে প্রায় ২৭ কোটি অভিবাসী ও তাদের পরিবারকে রক্ষায় এগিয়ে আসতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিশাল অংশের মানুষের দুর্দশাকে আমরা উপেক্ষা করতে পারি না। তাদের দেখভাল করতে হবে আমাদের। করোনাভাইরাস সংকট মোকাবিলার নীতিমালার মধ্যে তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে।
অনেক অভিবাসী শ্রমিক এই সংকটের কারণে তিন ধরনের হুমকির মুখে পড়েছেন: তারা চাকরি হারিয়েছেন বলে পরিবারের কাছে অর্থ পাঠাতে পারছেন না, লকডাউনের কারণে দেশেও ফিরতে পারছেন না এবং কর্মস্থলে গাদাগাদি করে একসঙ্গে বাস করায় ন্যূনতম সামাজিক দূরত্বের অনুপস্থিতির কারণে করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেও রয়েছেন।
সাইফুল বলেন, “এখানে বেঁচে থাকার জন্য আমার কাছে কোনো অর্থ নেই। তাহলে আমি বাড়িতে কি পাঠাব। অবস্থা এত খারাপ যে আমার খাবার কেনার সামর্থ্য নেই, কিচ্ছু নেই। যদি মরতেও হয় তাহলে এখানেই মরতে হবে।”
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মহামারীর কারণে শুধু এপ্রিলে ৭ হাজার ২০০ অভিবাসী শ্রমিক কাজ হারিয়েছেন। এই সংখ্যা দেশটিতে কর্মরত ৪ লাখ ৮০ হাজার বিদেশি শ্রমিকের দেড় শতাংশ। সরকার বলছে, তারা বিনামূল্যে খাবার এবং চাকরি হারানো শ্রমিকদের ভিসার মেয়াদ মওকুফ করে দিচ্ছেন। পাশাপাশি বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষাও করাচ্ছেন।
যেহেতু সাইফুল চাকরি হারিয়েছেন, তাই কুমিল্লার দাউদকান্দির গ্রামে তার পরিবার খুব কষ্টে জীবনযাপন করছে।
তার ৬০ বছর বয়সী রোকেয়া বেগম বলেন, “আমার ছেলে টাকা দেওয়া বন্ধ করেছে তিন-চার মাস আগে। করোনাভাইরাসের কারণে কাজ হারিয়েছে সে; ঠিকমতো খেতেও পারছে না। বেঁচে থাকার জন্য আমাকে মানুষের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হয়েছে।
সাইফুল বলেন, এরকম বিপর্যস্ত অবস্থা মধ্যে পড়লেও তার পরিবার তার কাছে সাহায্য চাচ্ছে না।
"আমি যখন বাবা-মার সঙ্গে কথা বলি এখন তারা আর টাকা চান না। তারা আমাকে এত ভালবাসেন তারা জানেন যে আমি বাজে অবস্থায় আছি।"
বিশ্বব্যাংকের হিসাবে, ২০১৯ সালে বাংলাদেশের মানুষ বিদেশ থেকে প্রায় একহাজার ৮৩০ কোটি ডলার রেমিটেন্স পেয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের আয়ের বড় উৎস। অর্থনীতি বড় তিনটি স্তম্ভের উপর নির্ভরশীল: কৃষি, রেমিটেন্স ও তৈরি পোশাক। ৎ
“এখন ৭০ লাখ বাংলাদেশি বিদেশে কাজ করছে। যেসব অভিবাসী শ্রমিকরা দেশে ফিরবে তাদের জন্য ছোটখাটো ব্যবসার পুঁজি যোগাতে সরকার দুই কোটি ৫০ লাখ ডলারে তহবিল রেখেছে। বড় অংশের প্রবাসী শ্রমিকরা দেশে ফিরলে তাদের জন্য একটি বড় আকারের প্রণোদনা প্যাকেজ নিয়েও আলোচনা চলছে।”
শাহরিয়ার বলেন, “আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করেছি। সাড়ে ১৬ কোটি মানুষের মধ্যে আড়াই কোটি মানুষকে সরকার আর্থিক সহায়তা ও খাদ্য দিচ্ছে। অসহায় অর্থনৈতিক অবস্থার মধ্যে থাকা মানুষদের সাহায্য চাওয়ার জন্য হটলাইন নম্বর চালু করা হয়েছে।”
