পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিদর্শককে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিদর্শক স্টিভ লিনিককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
লিনিকের ওপর আর তার পূর্ণ আস্থা নেই এবং তাকে ৩০ দিনের মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, লিনিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সম্ভাব্য দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত বিষয়ে একটি তদন্ত শুরু করেছিলেন।
যে সব সরকারি কর্মকর্তা তার প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে চাইছে, ট্রাম্প তাদের ওপর প্রতিশোধ নিচ্ছেন বলে অভিযোগ করেছে ডেমোক্রেটরা।
যু্ক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন, “মহাপরিদর্শক পদে নিযুক্তদের প্রতি আমার পূর্ণ আস্থা থাকা জরুরি। এই মহাপরিদর্শকের ক্ষেত্রে তেমনটি আর নেই।”
লিনিকের বরখাস্তের কথা ঘোষণার কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্র কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, লিনিক পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর বিষয়ে একটি তদন্ত শুরু করেছিলেন।
“এই বরখাস্ত তার অন্যতম অনুগত এক সমর্থক, পররাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতা থেকে রক্ষার চেষ্টায় একজন প্রেসিডেন্টের করা আপত্তিজনক কাজ,” এক বিবৃতিতে বলেছেন ডেমোক্রেট এলিয়ট এনজেল।
পম্পেও তার দপ্তরের কর্মীদের তার ব্যক্তিগত কাজ করতে বলেছেন, লিনিক এমন অভিযোগের তদন্ত করছিলেন বলে যুক্তরাষ্ট্র কংগ্রেসের পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তারা উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা শনাক্ত ও বিদেশে করা ব্যয় দেখভালের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওমাবা লিনিককে নিয়োগ দিয়েছিলেন।
