২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহরে বাড়ি পেল চীনের দুর্গম পার্বত্য গ্রামের বাসিন্দারা

দারিদ্র বিমোচন কর্মসূচির অংশ হিসেবে সিচুয়ান প্রদেশের একটি দুর্গম পার্বত্য গ্রামের বাসিন্দাদের শহরের একটি হাউজিং এস্টেটে পুনর্বাসন করছে চীন কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 05:21 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

বেতের মই ব্যবহার করে ৮০০ মিটার খাড়া একটি পর্বতের গা বেয়ে শিশু ও পূর্ণবয়স্করা ওঠা-নামা করছেন, ২০১৬ সালে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন কিছু ছবি প্রকাশের পর আতুলার নামের চীনের এই বিচ্ছিন্ন গ্রামটি বিশ্বব্যাপী পরিচিতি পায়।

স্থানীয় দারিদ্র বিমোচন কর্মসূচির অংশ হিসেবে এই গ্রামের ৮৪টির মতো পরিবারকে নতুন করে তৈরি করা ফ্ল্যাটে পুনর্বাসিত করা হয়েছে। 

২০২০ সালের মধ্যে দেশ থেকে দারিদ্র দূরীকরণের কর্মসূচি নিয়ে এগোচ্ছে চীন সরকার। এই বিশাল প্রকল্পের আওতায়ই আতুলার গ্রামের বাসিন্দাদের পুনর্বাসিত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

আতুলারবাসীদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় রসদ নিয়ে ওই ঝুঁকিপূর্ণ মইপথ বেয়েই তাদের বাড়িতে ফিরতে হত, শিশুরা স্কুলে যেতো-আসত।

এসব ছবি ও ভিডিও সামনের আসার পরপরই সরকার পদক্ষেপ নেয় ও বেতের মইয়ের বদলে স্টিলের তৈরি মই এর ব্যবস্থা করে।

এবার গ্রামটির সব পরিবারকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ঝাওজুয়ে শহরে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের সবাইকে আসবাবপত্রে সজ্জিত অ্যাপার্টমেন্ট ব্লকে বাসা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যা বিবেচনায় তাদের ৫০, ৭৫ ও ১০০ স্কয়ার মিটারের অ্যাপার্টমেন্ট দেওয়া হবে।

সংখ্যালঘু য়ি নৃগোষ্ঠীর এসব লোকজন প্রজন্মের পর প্রজন্ম ধরে আতুলার গ্রামে বসবাস করে আসছিল। কিন্তু এবার তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটেছে বলে মন্তব্য বিবিসির।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে আসা ছবিতে গ্রামটির বাসিন্দাদের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। তাদের মধ্যে একজন রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিজিটিএনকে বলেন, “আমি অত্যন্ত খুশী, আমি আজ নতুন একটি বাড়ি পেয়েছি।”