২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে পুরুষের জন্য বেশি প্রাণঘাতী করোনাভাইরাস

পুরুষের রক্তে বিশেষ এক ধরনের এনজাইম উচ্চমাত্রায় থাকার ফলে তাদের করোনাভাইরাস আক্রান্ত হওয়া এবং মারা যাওয়ার ঝুঁকি নারীদের চাইতে বেশি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2020, 01:52 AM

Updated : 08 Apr 2022, 12:46 AM

এই এনজাইম পুরুষের দেহের কোষে নতুন করোনাভাইরাস সংক্রমণ ঘটায় এবং রোগও মারাত্মক আকার ধারণ করতে পারে। নারীর দেহে এই এনজাইমের মাত্রা পুরুষের চেয়ে কম।

ইউরোপের নতুন একটি গবেষণায় সোমবার এ তথ্য বেরিয়ে এসেছে। ‘ইউরোপীয়ান হার্ট জার্নাল’ এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়, অ্যানজিওটেনসিন-কনভার্টিং এনজাইম ২ (এসিই২) উচ্চমাত্রায় থাকে হৃদযন্ত্র, কিডনি, ফুসফুস-সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে এবং বিশেষ করে অণ্ডকোষে এর মাত্রা অনেক বেশি থাকে। কোভিড-১৯ পুরুষদের জন্য কেন বেশি ঝুঁকিপূর্ণ তা এ থেকেই অনুমেয়।

এসিই২ কোষের উপরিভাগে অবস্থান করে রিসেপ্টর হিসেবে কাজ করে। ফলে করোনাভাইরাস এই রিসেপ্টরে আটকে গিয়ে পর্দা ভেদ করে ভেতরে ঢুকে সুস্থ কোষগুলোকে আক্রান্ত করে এবং ফুসফুসকেও সহজেই আক্রান্ত করতে পারে।

এসিই২ এনজাইমের মাত্রা বেশি হওয়ার কারণে পুরুষরা করোনাভাইরাস আক্রান্ত হলে তাদের রোগ গুরুতর আকার ধারণ করার ঝুঁকি নারীদের চেয়ে বেশি বলে জানিয়েছেন গবেষণার প্রধান গবেষক নেদারল্যান্ডস ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের কার্ডিওলজি অধ্যাপক আদ্রিয়ান ভোর্স।

তিনি বলেন, ফুসফুসে থাকে উচ্চমাত্রার এসিই২। ফলে কোভিড-১৯ সংক্রমণ ঘটলে ফুসফুস বিকল হওয়ার ঝুঁকিও বেশি।

তবে হৃদযন্ত্র, কিডনির রোগ এবং ডায়াবেটিসের চিকিৎসায় বহুল ব্যবহৃত এসিই ইনহিবিটরস বা অ্যানজিওটেনসিন রিসেপটর ব্লকার্স (এরআবিএস) ওষুধগুলো শরীরে এসিই২ এনজাইমের মাত্রা বাড়ায় না। ফলে এসব ওষুধ সেবনে করোনাভাইরাসের ঝুঁকি বাড়ে না বলেও গবেষণায় দেখা গেছে।