ইরানি নৌবাহিনীর ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ১৯ নাবিক নিহত
প্রশিক্ষণ চলাকালে ইরানের নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র নিজ পক্ষের একটি জাহাজে আঘাত হেনেছে, এতে ১৯ নাবিক নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।
রোববার ওমান উপসাগরের এ ঘটনা ঘটেছে বলে ইরানি নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নৌবাহিনীর ফ্রিগেট জামারান দিয়ে নতুন একটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল, ওই ক্ষেপণাস্ত্র কোনারাক নামের রসদ সরবরাহকারী ছোট একটি জাহাজ গিয়ে আঘাত হানে।
হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে প্রশিক্ষণ মহড়া চলাকালে ঘটনাটি ঘটে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের সশস্ত্র বাহিনী নিয়মিত প্রশিক্ষণ মহড়া পরিচালনা করে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, “গতকাল (রোববার) বিকালে বন্দর-ই জাস্কের জলসীমায় একটি সামরিক প্রশিক্ষণ চলাকালে কোনারাক জাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
“একটি প্রশিক্ষণ লক্ষ্যবস্তুকে গন্তব্যে নিয়ে যাওয়া পর জাহাজটিতে আঘাত লাগে, জাহাজটি ওই লক্ষ্যবস্তুর সঙ্গে যথেষ্ট দূরত্ব তৈরি না করায় এমনটি ঘটে।”
ক্ষেপণাস্ত্রের এ আঘাতকে একটি দুর্ঘটনা বলে বর্ণনা করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। কোনারাক লক্ষ্যবস্তুর খুব কাছেই রয়ে গেছিল বলে জানিয়েছে তারা। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ওই জলসীমায় লক্ষ্যবস্তু স্থাপনের কাজ করছিল কোনারাক।
ইরানের রাজধানী তেহরান থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে ওমান উপসাগরে ঘটনাটি ঘটেছে।
