২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস মোকাবেলায় ট্রাম্পের ভূমিকার সমালোচনা ওবামার

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস মোকাবেলায় উত্তরসূরী ডনাল্ড ট্রাম্পের যেভাবে সাড়া দিয়েছেন তার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 02:34 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

শুক্রবার রাতে ভিডিও কনফারেন্সে নিজের নির্বাচনী প্রচার ও প্রশাসনে কাজ করা সাবেক কর্মীদের জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনী দলের পক্ষে কাজ করতে উৎসাহিত করার সময় ওবামা এসব সমালোচনা করেন বলে জানিয়েছে সিএনএন।

সাবেক এ প্রেসিডেন্ট করোনাভাইরাস মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের পদক্ষেপগুলোকে ‘চরম বিশৃঙ্খলাপূর্ণ বিপর্যয়’ বলে অভিহিত করেন।

কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র যেভাবে সাড়া দিচ্ছে তার জন্য ট্রাম্প তার প্রশাসনকে যেভাবে চালাচ্ছেন তাও অংশত দায়ী বলে মন্তব্য করেন ওবামা।

 “এমনটা হলে সরকারের সেরাটা দিয়েও ফল খারাপই হত । যখন সরকার পরিচালনার দৃষ্টিভঙ্গি হয় ‘আমার জন্য এতে কী আছে’ আর ‘অন্যরা চুলোয় যাক’, তখন এ ধরনের চরম বিশৃঙ্খলাপূর্ণ বিপর্যয়ই দেখা যাবে,” বলেছেন ওবামা।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দেশটির সাবেক জাতীয় ‍নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে ভিডিও কনফারেন্সের কথোপকথনে ওবামা তারও সমালোচনা করেছেন।

এদিকে করোনাভাইরাস মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে ওবামার করা সমালোচনাকে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের এক মুখপাত্র সিএনএনকে বলেছেন,“করোনাভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের অভূতপূর্ব পদক্ষেপসমূহ যুক্তরাষ্ট্রের অসংখ্য নাগরিকের জীবন বাঁচিয়েছে।”

প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ১৩ লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু  ৭৯ হাজার ছুঁইছুঁই করছে; আক্রান্ত-মৃত্যুর এ সংখ্যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি।

সংক্রমণ মোকাবেলায় দেশটির বেশিরভাগ অঙ্গরাজ্য লকডাউন দিলেও অর্থনীতি সচলে সম্প্রতি অনেক অঙ্গরাজ্যই বিধিনিষেধ শিথিল করেছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রাদুর্ভাবের শুরুর দিকে ফেব্রুয়ারিতে ট্রাম্প নতুন এ করোনাভাইরাসকে ‘বড় ধরনের ঝুঁকি’ হিসেবে মেনে নিতে নারাজ ছিলেন। ভাইরাস দ্রুতই নিঃশেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।  কিন্তু মার্চের মাঝামাঝি এসে কোভিড-১৯ এর বিপদের ভয়াবহতা স্বীকার করে নেন তিনি।

এপ্রিলে আক্রান্তদের সারিয়ে তুলতে তাদের দেহে জীবাণুনাশক প্রয়োগেরও পরামর্শ দেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তার এ পরামর্শকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন।

গত সপ্তাহে ট্রাম্প হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্ক ফোর্স ভেঙে দেয়ারও ঘোষণা দিয়েছিলেন। পরে তিনি সে সিদ্ধান্ত থেকে সরে এসে বলেন, টাস্ক ফোর্স থাকবে, তবে এখন থেকে তাদের মনোযোগ থাকবে মার্কিন অর্থনীতিকে ফের সচল করার দিকে।