কোভিড-১৯: উত্তর কোরিয়াকে চীনের সাহায্যের প্রস্তাব
নতুন করোনাভাইরাস নিয়ন্ত্রণে উত্তর কোরিয়াকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাঠানো এক চিঠিতে তিনি এ প্রস্তাব দিয়েছেন বলে চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমসের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
গ্লোবাল টাইমস জানিয়েছে, ‘উত্তর কোরিয়ার প্রয়োজনের ভিত্তিতে’ চীন সহায়তা দেবে বলে কিমকে জানিয়েছেন প্রেসিডেন্ট শি।
‘কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে চীনের কষ্টার্জিত বিজয়ে অভিনন্দন জানানোর জন্য’ চিঠিতে কিমকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করা নতুন করোনাভাইরাস উত্তর কোরিয়ায় কী ধরনের প্রভাব ফেলেছে সে সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি।
উত্তর কোরিয়ায় শনাক্ত হওয়া কোনো কোভিড-১৯ রোগী নেই বলে দাবি করে আসছে দেশটি। সম্ভাব্য এ সাফল্যের জন্য কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়টিকে কৃতিত্ব দিচ্ছে তারা।
কিন্তু প্রতিবেশী চীনের সঙ্গে যোগাযোগ থাকায় উত্তর কোরিয়ায় কোনো কোভিড-১৯ রোগী নেই, এটি ‘অকল্পনীয়’ বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা, জানিয়েছে বিবিসি।
সংক্রামক রোগ প্রতিরোধের ক্ষেত্রে উত্তর কোরিয়া অত্যন্ত দুর্বল এবং এ ধরনের সমস্যা মোকাবেলায় দেশটির স্বাস্থ্য খাতের প্রস্তুতি যথেষ্ট নয় বলে ধারণা পর্যবেক্ষকদের।
