শারজাহতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, আহত ৭
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে একটি আবাসিক টাওয়ারে অগ্নিকাণ্ডে অন্তত ৭জন আহত হয়েছে বলে শহরটির সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে।
মঙ্গলবার রাতে আল নাহদা এলাকার ৪৮তলা বিশিষ্ট অ্যাবকো টাওয়ারে আগুন লাগে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দমকল কর্মীদের আগুন নেভাতে প্রাণান্ত চেষ্টা করতে দেখা গেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি শারজাহর গণমাধ্যম কার্যালয়।
আগুন লাগার পরপরই ভবনটির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পরে আশপাশের আরও ৫টি ভবন থেকেও লোকজনকে সরিয়ে নেয় বলে জানিয়েছে খালিজ টাইমস।
গালফ টাইমসের এক প্রতিবেদনে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অ্যাবকো টাওয়ারে আগুন লাগে বলে জানানো হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে শারজাহ’র গণমাধ্যম কার্যালয়।
