করোনাভাইরাস: ফ্রান্সে প্রথম আক্রান্ত ‘ডিসেম্বরেই’
ফ্রান্সে গত বছরের ডিসেম্বরে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তির নমুনায় নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে তার চিকিৎসক জানিয়েছেন।
শুকনো কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে ৪৩ বছর বয়সী উত্তর-পূর্ব প্যারিসের বুবিনি এলাকার ওই বাসিন্দা চিকিৎসা নিতে এসেছিলেন।
সেসময়ই তার শ্লেষ্মা রেখে দেওয়া হয়েছিল। সম্প্রতি ওই শ্লেষ্মা পরীক্ষা করে সেখানে নতুন করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে ফরাসী গণমাধ্যমকে জানিয়েছেন ড. ইভ কোহেন।
বিবিসি বলছে, ইউরোপে প্রাণঘাতী এ ভাইরাসের পদার্পণ যে এতদিনের ধারণার চেয়েও অন্তত একমাস আগে হয়েছিল, কোহেনের দাবি সেদিকেই ইঙ্গিত করছে।
অ্যাভিসিন অ্যান্ড জঁ-ভের্দিয়ে হাসপাতালের জরুরি ওষুধ বিভাগের প্রধান কোহেন জানান, ওই রোগী গত বছরের ২৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারও চারদিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীন কার্যালয় উহানে নিউমোনিয়া সদৃশ নতুন একটি করোনাভাইরাসের আবির্ভাবের কথা জানায়।
বুবিনির ওই বাসিন্দা চিকিৎসা শেষে সুস্থ হয়েই বাড়ি ফিরেছিলেন।
ফরাসী গণমাধ্যমকে তিনি বলেছেন, সংক্রমিত এলাকায় কখনো না যাওয়ার পরও ভাইরাসটি কীভাবে দেহে এসেছে তা বুঝতে পারছেন না তিনি।
ভাইরাস কীভাবে ছড়াচ্ছে তা বোঝার ক্ষেত্রে প্রথম আক্রান্ত ব্যক্তি শনাক্ত করাকে গবেষকরা গুরুত্বপূর্ণ মনে করেন।
কোহেন জানিয়েছেন, বুবিনির ওই বাসিন্দার পর তার দুই সন্তানও অসুস্থ হয়ে পড়েছিল। যদিও রোগীর স্ত্রীর কোনো ধরনের উপসর্গ ছিল না।
বুবিনির ওই বাসিন্দার স্ত্রী শার্ল দ্য গল বিমানবন্দরের কাছে একটি সুপারমার্কেটে কাজ করতেন।
“আমাদের সুপারমার্কেটে বিমানবন্দর থেকে অনেকে সরাসরিই আসতেন, সঙ্গে তাদের স্যুটকেসও থাকতো,” ফরাসী গণমাধ্যমকে এমনটাই বলেছেন ওই নারী।
চীনফেরত কেউ ওই সুপারমার্কেটে এসে রোগীর স্ত্রীকে সংক্রমিত করে থাকতে পারে বলে অনুমান কোহেনেরও।
“আমাদের ধারণা, তিনি (রোগীর স্ত্রী) আক্রান্ত হয়েছিলেন, যদিও তার উপসর্গ ছিল না,” বলেছেন এ চিকিৎসক।
শার্ল দ্য গল বিমানবন্দর দিয়েই ফ্রান্সে প্রথম নতুন করোনাভাইরাস প্রবেশ করেছিল কিনা কর্তৃপক্ষকে তা খতিয়ে দেখতেও অনুরোধ করেছেন তিনি।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, ফ্রান্সে ২৪ জানুয়ারি প্রথম তিনজনের দেহে কোভিড-১৯ পাওয়া যায়। এ তিনজনের মধ্যে দু’জনই ছিলেন উহানফেরত; অন্যজন সংক্রমিত হয়েছিলেন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে।
এর কয়েকদিন আগে জার্মানিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হন।
১৯-২২ জানুয়ারি চীন ভ্রমণ করা এক সহকর্মীর মাধ্যমে ওই জার্মান নাগরিকের দেহে ভাইরাসটি ছড়িয়েছিল বলে ধারণা করা হয়। এতদিন ধরে এটিই ছিল ইউরোপে প্রথম কোভিড-১৯ রোগীর সন্ধানলাভের ঘটনা।
কোহেনের দাবি সঠিক হলে ইউরোপে নতুন করোনাভাইরাসের পদার্পণের দিনতারিখ এগিয়ে আসবে।
যুক্তরাষ্ট্রও সম্প্রতি তাদের দেশে প্রাণঘাতী এ ভাইরাসের আবির্ভাবের সময় পর্যালোচনা করছে বলে বিবিসি জানিয়েছে।
দেশটিতে কোভিড-১৯ সংশ্লিষ্ট প্রথম মৃত্যু এতদিনের ধারণার চেয়েও অন্তত একমাস আগে হয়েছিল বলে ক্যালিফোর্নিয়ায় হওয়া একটি ময়নাতদন্তের প্রতিবেদনে ধারণা পাওয়া গেছে।
