২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাভ ইন দ্য টাইম অব করোনা’

ইতালির ভেরোনা, শহরটি বিশ্বে অনেকের কাছে চেনা উইলিয়াম শেকসপিয়ারের রোমিও ও জুলিয়েটের শহর হিসেবে। এবার কি তা মিকেলে দাল্পস ও পাওলা আনেল্লির শহর হিসেবে পরিচিতি পাবে?

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 01:36 AM

Updated : 10 Oct 2022, 07:09 PM

করোনাভাইরাসে ইউরোপের সবচেয়ে বিপর্যস্ত দেশ ইতালিতে লকডাউনের মধ্যে বেলকনির প্রেম থেকে ভেরোনার এই নর-নারীর যুগলবন্দি হওয়ার খবর এখন ফিরছে আন্তর্জাতিক সব সংবাদ মাধ্যমে।

‘প্রথম দর্শনেই প্রেম’- এমনটাই বলছেন ৩৯ বছর পেরিয়ে আসা আনেল্লি; তার ফেইসবুক পাতায় যুগল ছবির সঙ্গে লেখা উঠেছে- ‘ট্রু লাভ’। আর ৩৮ বছরের দাল্পসের ফেইসবুক পাতা বলছে, ‘ইন আ রিলেশনশিপ উইথ পাওলা আনেল্লি’।

ভেরোনার এক সড়কের বিপরীত দিকের দুই এপার্টমেন্টের দুটি ফ্ল্যাটে বাস দাল্পস ও পাওলার। মা ও বোনকে নিয়ে থাকেন ব্যাংকার দাল্পস; আর আইনজীবী পাওলাও থাকেন মা ও বোনকে নিয়ে।

ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই দেশটির উত্তরাঞ্চল লকডাউন করে দেওয়া হয়। এতে ঘরবন্দি মানুষেরা একঘেয়ে সময় কাটাতে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার বেলকনিতে থেকেই সামাজিক যোগাযোগ স্থাপনে উদ্যোগী হয়।

ভেরোনায়ও তাই ঘটে; আর এভাবেই দুই বেলকনিতে থাকা দাল্পস ও পাওলা পড়ে যান প্রেমে। পাশাপাশি বাসা হলেও তাদের আগে কখনও মুখোমুখি কথা হয়নি। 

Image
এই সড়কের ডান পাশের ভবনে পাওলা আনেল্লির ফ্ল্যাট, আর বাম পাশে ভবনে থাকেন মিকেলে দাল্পস

এই সড়কের ডান পাশের ভবনে পাওলা আনেল্লির ফ্ল্যাট, আর বাম পাশে ভবনে থাকেন মিকেলে দাল্পস

সেদিন ছিল ১৭ মার্চ; পাওলা তার বেলকনিতে ছিলেন ছোট বোন লিসা আনেল্লির সঙ্গে; লিসা বেহালা বাজাচ্ছিলেন, সেই বেহালার সুর শুনে তাকাতেই দাল্পসের চোখ পড়ে যায় পাওলার উপর; পাওলা তখন বোনের বেহালার সাউন্ড সিস্টেমের কাজে সহযোগিতা করছিলেন।

লিসা বিবিসি রেডিও ফোরকে বলেন, “আমি প্রতিদিনই বেহালা বাজাতাম। সেদিন (১৭ মার্চ) আমার বোন আমাকে সহযোগিতা করছিল।

“আমি বাজাচ্ছিলাম-‘উই আর দ্য চ্যাম্পিয়ন্স’। মিকেলে আমার বোনকে দেখে, আর প্রেমে পড়ে যায়।”

পাওলার ভাষায়, এ যেন ছিল প্রেমের দেবতা কিউপিডের শরাঘাত।  

“তার চোখে চোখ পড়ল, আর আমি প্রেমে পড়ে গেলাম। তার বেলায়ও তাই ঘটল। আর মুহূর্তটাও ছিল ভীষণ রোমান্টিক।”

আর দাল্পসের অস্থির মনের কৌতূহল মেটাল তার বোন সিলভিয়া; কারণ একই জিমে যাওয়ার কারণে সিলভিয়া চিনতেন পাওলাকে।

ওদিকে পাওলা ভাবছেন, এ নিশ্চয়ই সিলভিয়ার ভাই, ভারি সুদর্শন তো!

দাল্পস সেদিনই ইনস্টাগ্রামে খুঁজে নিলেন পাওলাকে; তারপর শুরু হল তাদের ভার্চুয়াল আলাপ; দাল্পসের ভাষায় যা ছিল- ‘কিশোর বেলার প্রেমের মতো’।

এরপর দাল্পস করলেন কী- কিছু না পেয়ে বিছানার চাদরে পাওলার নাম লিখে বিশাল একটি ব্যানার বানিয়ে ঝুলিয়ে দিলেন তার ভবনের ছাদ থেকে, যা দেখা গেল বিপরীত দিকের অর্থাৎ পাওলাদের বাড়ি থেকে।  

সেই দেখে পাওলা অভিভূত। “এটা আমাকে স্পর্শ করেছিল। মিকেলে তার মধুর কথায় আমার হৃদয় জিতে নিল।”

তাদের এই প্রেমের খবর জানা হয়ে গেল সবার। তাই পাওলার ভবনের তৃতীয় তলার বাসিন্দা প্রতিদিন তার বেলকনি থেকে গাওয়া একটি গান উৎসর্গ করতেন এই প্রেমিক যুগলকে।

এখনও অবিবাহিত দাল্পস ও পাওলার মন এক হলেও লকডাউন শেষ না হওয়া অবধি দৈহিক দূরত্ব না ঘোচাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

দাল্পস বলছেন, পাওলাকে সুরক্ষিত রাখতে চান তিনি। কেননা ব্যাংকে কাজ করার কারণে অনেকের সংস্পর্শে তিনি এসেছিলেন, যাদের কেউ কোভিড-১৯ রোগী হতে পারেন, ফলে ঝুঁকি তিনি নিতে চান না।

শেকসপিয়ারের রোমিও-জুলিয়েট অমর হয়ে আছে ট্রাজেডিতে; তবে দাল্পস ও পাওলার ক্ষেত্রে তা হওয়ার কারণ নেই, কেননা তাদের কোনো পরিবারওই এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে না।