ইরাকে ইসলামিক স্টেটের হামলায় ১০ মিলিশিয়া নিহত
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন।
আইএসের সঙ্গে ‘তীব্র সংঘর্ষে’ তাদের এসব সদস্য নিহত হয়েছেন বলে শনিবার এক বিবৃতিতে শিয়া নেতৃত্বাধীন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে।
সালাহউদ্দিন প্রদেশের এ ঘটনায় তাদের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে তারা।
পিএমএফ প্রধানত শিয়া মিলিশিয়াদের নিয়ে গঠিত কয়েক ডজন দলের একটি সম্মিলিত গোষ্ঠী। আইএসের বিরুদ্ধে অভিযানে ইরাকি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পিএমএফও ভূমিকা পালন করে থাকে।
এ হামলার ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করা প্রতিশ্রুতি দিয়েছেন ইরাকের মুস্তফা আল কাদিমি, যিনি সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন।
তিনি তিন মাসের মধ্যে ইরাকের প্রধানমন্ত্রী মনোনীত হওয়া তৃতীয় ব্যক্তি। দেশের নিরাপত্তা ও স্থিতিশীল প্রতিষ্ঠার লক্ষে এক বিবৃতিতে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মুখে ২০১৯ সালের নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। তারপর থেকে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে।
সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী ও অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে শত শত বিক্ষোভকারী নিহত হয়।
দুই বছরেরও বেশি সময় আগে লড়াইয়ে হেরে দখলকৃত সব ভূখণ্ড হারায় আইএস। কিন্তু গোষ্ঠীটির অনুগত জঙ্গিরা এখনও দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোতে হামলা অব্যাহত রেখেছে। শক্তি সঞ্চয় করে শক্তিশালী বিদ্রোহী বাহিনী হিসেবে আইএস আবার ফিরে আসছে বলে গত বছর সতর্ক করেছিল কুর্দি ও পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা।
গত কিছু সময়ের মধ্যে তাদের এবারের হামলাটি সবচেয়ে তীব্র ছিল বলে জানিয়েছেন বিবিসি।
