২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস ঠেকাতে নেমে ‘যুদ্ধাপরাধ’ করছে মিয়ানমারের সেনারা

করোনাভাইরাসের মহামারী ঠেকাতে বিশেষ ক্ষমতা নিয়ে মাঠে নেমে মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’ মেতেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 09:54 PM

Updated : 08 Apr 2022, 12:42 AM

তিনি বলেন, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে মিয়ানমারের সেনাবাহিনী জাতিগত রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের ওপর চড়াও হচ্ছে।

“শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বৌদ্ধমঠে হামলা করা হয়েছে। মানুষকে গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে। আমরা শিরশ্ছেদ করা অনেক মৃতদেহ পেয়েছি।এরা রাখাইনের বাসিন্দা,” সিএনএন-এ মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন ইয়াংহি লি।

মিয়ানমারের সেনাদের এ নিপীড়নকে ‘মানবতাবিরোধী অপরাধ’ এবং যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে এগুলোকে একইসঙ্গে অত্যন্ত জঘন্য কর্মকান্ড এবং আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ হিসাবে উল্লেখ করেন লি।

লি’র এ অভিযোগের বিষয়টি নিয়ে সিএনএন মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো প্রতিক্রিয়া পায়নি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এ বিশেষ দূত বলেন, করোনাভাইরাস মহামারী  ঠেকাতে মিয়ানমারের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা পেয়েছে।

গত মার্চে গুরুত্বপূর্ণ কয়েকজন সামরিক কর্মকর্তা ও সেনা-নিয়ন্ত্রিত মন্ত্রীকে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিতে স্থান দেয়া হয়েছে। দেশের বেসামরিক সরকারের সঙ্গে এই ক্ষমতা ভাগাভাগিতে সেনাবাহিনীর অপকর্ম করে পার পেয়ে যাওয়ার আরো সুযোগ সৃষ্টি হয়েছে।

সংবিধান অনুসারে মিয়ানমারের সেনাবাহিনী তাতমাদো নামে পরিচিত। এই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে সীমান্ত, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়।পার্লামেন্টের এক চতুর্থাংশ আসনও তাদের জন্য সংরক্ষিত আছে।

এসবকিছুই সেনাবাহিনীকে ক্ষমতাশালী করছে। জাতিসংঘ দূত লি বলেন,“সেনাবাহিনীর হাত এমনিতেই শক্তিশালী। আর এখন তাদেরকে করোনাভাইরাস মহামারী ঠেকানোর নামে ওইসব বিশেষ বাড়তি ক্ষমতা দেওয়া মানে তাদের হাতে আসলে আরেক ধাপে বড় ধরনের এবং উচ্চ পর্যায়ের ক্ষমতা তুলে দেওয়া।যার বদৌলতে তারা গত কয়েক দশকে সবসময় যা করে এসেছে তাই-ই আরো ভয়াবহ ভাবে করে যেতে পারবে।”

ওদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বিশ্ব এখন করোনাভাইরাস ঠেকাতে ব্যস্ত। এই সুযোগে জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে তৎপর হয়েছে সেনাবাহিনী এবং অং সান-সু চি’র বেসামরিক সরকারে তাদের সহযোগীরা।

আরকান আর্মির প্রতিরোধ ভেঙে দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী। রাখাইনে দু’পক্ষের লড়াইয়ের মাঝে পড়ে বহু নিরপরাধ মানুষকে প্রাণ দিতে হচ্ছে।মিয়ানমার সরকারের সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই।