২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় একদিনে আক্রান্ত ৬৪১১, মৃত্যু ৭২

রাশিয়ায় একদিনে রেকর্ডসংখ্যক মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং মারা গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2020, 07:29 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার বলছে, মঙ্গলবার দেশটিতে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের।

একদিনে রাশিয়ায় এটিই আক্রান্ত এবং মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৩,৫৫৮ এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৭ জনে।

চীন থেকে ইউরোপ এবং তারপর যুক্তরাষ্ট্র। ক্রমেই ভরকেন্দ্র বদলাচ্ছে কোভিড-১৯। রাশিয়ায় ক্রমেই উর্ধমুখী হচ্ছে সংক্রমণের লেখচিত্র। আক্রান্তের দিক থেকে রাশিয়া এখন বিশ্বে অষ্টম স্থানে উঠে এসেছে।

আক্রান্তের সংখ্যার নিরিখে চীনকে টপকে গেছে রাশিয়া। যদিও মৃতের হিসাবে এখনো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি ইরান, চীন ও তুরস্ক থেকে রাশিয়ায় মৃত্যু কম।

রাশিয়ার ১১টি টাইম জোন এবং ৮৫ অঞ্চলজুড়ে ১৪ কোটি ৭০ লাখ মানুষের বাস। করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর হিসাবের মধ্যে আছে ক্রিমিয়া উপদ্বীপও। ২০১৪ সালে এ উপদ্বীপ ইউক্রেইনের কাছ থেকে নিজেদের দখলে নিয়েছিল মস্কো।

রাশিয়ায় মার্চের শেষ দিক থেকে লকডাউন জারি রয়েছে। আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে এর মেয়াদ। এরপর তা আর বাড়ানো হবে কিনা তা জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।