২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: যুক্তরাজ্যে বিধিনিষেধ ‘বছরের বাকি সময়েও’

কোভিড-১৯ এর বিপদ মোকাবেলায় যুক্তরাজ্যের নাগরিকদের চলতি বছরের বাকি সময়েও নানান সামাজিক বিধিনিষেধ ও নিয়মকানুনের বেড়াজালে থাকতে হতে পারে বলে জানিয়েছেন সরকারের প্রধান চিকিৎসা উপদেষ্টা ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 01:59 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

জীবনযাপন শিগগিরই আগের মতো স্বাভাবিক হবে, এমনটা আশা করা ‘একেবারেই অবাস্তব’ হবে বলেও মন্তব্য করেছেন অধ্যাপক ক্রিস উইটি।

বুধবার যুক্তরাজ্য সরকারের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন ব্রিফিংয়ে উইটি এসব বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

কার্যকরী কোনো টিকা কিংবা কোভিড-১৯ সারানোর সুনির্দিষ্ট ওষুধ আবিষ্কারই দীর্ঘমেয়াদে প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলার সেরা উপায় বলে জানিয়েছেন তিনি।

কিন্তু নাগরিকদের সতর্ক করে বলেছেন, আগামী বছরের আগে এগুলো পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। 

“এই রোগটি নির্মূল হবে না, এটি বিলুপ্ত হবে না। আমাদের মেনে নিতে হবে যে, আমরা এমন একটি রোগ নিয়ে কাজ করছি, এটিকে সঙ্গে নিয়েই বিশ্বব্যাপী আমাদের চলতে হচ্ছে, প্রত্যাশিত ভবিষ্যতের আশায়,” বলেছেন উইটি।

হালনাগাদ তথ্যে বুধবার যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগে আরও ৭৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবমিলিয়ে দেশটিতে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৮ হাজার ১০০ জনেরও বেশি বলে জানিয়েছে বিবিসি।  

ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ শিখরে পৌঁছানোর পর হঠাৎ করে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্য কমে যাবে, জনগণের এমন আশা করা উচিত হবে না বলেও মত শীর্ষ এ চিকিৎসা উপদেষ্টার।

প্রত্যক্ষ মৃত্যুর পাশাপাশি করোনাভাইরাস অপ্রত্যক্ষ অনেক মৃত্যুরও কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় বেশি মনোযোগী হওয়ায় অন্যান্য রোগে মানুষের মৃত্যুর হার বেড়ে যেতে পারে।

সংক্রমণ মোকাবেলায় দেওয়া নানান বিধিনিষেধও `মানুষের মধ্যে বঞ্চনাবোধ বাড়িয়ে তুলতে পারে’ যা দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, বলেছেন তিনি।

বুধবারের ব্রিফিংয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, সামাজিক দূরত্বের বিধিনিষেধ আগেভাগে তুলে নিলে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বেড়ে যেতে পারে।

তেমনটা হলে তখন ফের লকডাউন দেয়া লাগবে, যা যুক্তরাজ্যের অর্থনৈতিক ক্ষতিকে আরও দীর্ঘায়িত করবে, বলেছেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা রাব সামাজিক বিধিনিষেধের কারণে নাগরিকদের ওপর শারীরিক, মানসিক ও অর্থনৈতিক যে ধকল যাচ্ছে, সে কথাও স্বীকার করে নিয়েছেন।

“এরপরও আপনাদেরকে আপাতত ঘরে থাকতে হবে,” বলেছেন তিনি।